ড্রোন হামলায় একদশকে ৪শ’ বেসামরিক মানুষ নিহত
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৩, ২১:১২
পাকিস্তানে একদশকে চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় প্রায় আড়াইহাজার মানুষ মারা গেছেন। আর এদের মধ্যে অন্ততপক্ষে চারশ’ জন ছিলেন বেসামরিক মানুষ। এছাড়া আরো দুইশ’ জন ‘সম্ভবত যোদ্ধা ছিলেন না’। জাতিসংঘের মানবাধিকার তদন্ত কর্মকর্তা বেন এমেরসন শুক্রবার এ কথা বলেন। চলতি বছরের মার্চে পাকিস্তান সফর করেন তিনি।
এমেরসন জানান, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে জানিয়েছে, দেশটির আদিবাসী পার্বত্য অঞ্চলে অন্ততপক্ষে ৩৩০ দফা ড্রোন হামলার তথ্য তাদের কাছে আছে। পাকিস্তানে চালানো হামলাগুলোর বেশিরভাগই যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য দ্বারা পরিচালিত। কিছু ব্যবহার করেছে ইসরাইল।
শুক্রবার প্রকাশিত জাতিসংঘের সাধারণ অধিবেশনের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে এমেরসন বলেন, পাকিস্তান সরকারের কাছে সংরক্ষিত তথ্য অনুযায়ী ২০০৪ সালের পর ড্রোন হামলায় অন্ততপক্ষে ২২০০ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন অন্ততপক্ষে ছয়শ’ জন।
ড্রোন হামলায় কতসংখ্যক বেসামরিক মানুষ হতাহত হয়েছেন সে ব্যাপারে যুক্তরাষ্ট্রকে তাদের নিজস্ব তথ্য প্রকাশ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার এবং সন্ত্রাসবিরোধী বিশেষ এই প্রতিবেদক।