আত্মঘাতী বোমা হামলায় ১২ ইয়েমেনী সৈন্য নিহত

দক্ষিণ ইয়েমেনের আবিয়ান প্রদেশের একটি সামরিক কমান্ড সেন্টারে শুক্রবার এক আত্মঘাতী হামলায় ১২ সৈন্য নিহত ও অপর ৬ জন আহত হয়েছে। নিরাপত্তা ও সামরিক সূত্র জানায়, আহোয়ার জেলায় সংঘটিত ওই হামলাটি ১১১তম ব্রিগেড লক্ষ্য করে চালানো হয়। নিরাপত্তা সূত্র জানায়, হামলায় ব্রিগেড কমান্ডার ‘গুরুতর’ আহত হয়েছেন। সূত্র প্রাথমিকভাবে ৬জন নিহত হওয়ার কথা জানালেও পরে জানায় যে ওই সংখ্যা দ্বিগুণ হয়ে ১২ জনে উন্নীত হয়েছে। তবে কমান্ডার আহত ৬ জনের মধ্যেই রয়েছেন বলে জানানো হয়। আত্মঘাতী বোমা হামলাকারী হামলা চালানোর জন্য একটি সাঁজোয়া যান ব্যবহার করে। তাত্ক্ষণিকভাবে এই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। আল-কায়েদার সঙ্গে যুক্ত এমন সন্দেহভাজন বন্দুকধারীরা বৃহস্পতিবারও আবিয়ানের কাছাকাছি স্থানে একটি পুলিশ ঘাঁটি ও একটি নিরাপত্তা চেকপোস্ট লক্ষ্য করে দু’টি হামলা চালায়।