সিরিয়ার শান্তি সম্মেলনের তারিখ নিয়ে বিভ্রান্তি

সিরিয়ার গৃহযুদ্ধ থামানোর লক্ষ্য নিয়ে প্রস্তাবিত একটি আন্তর্জাতিক সম্মেলনের তারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। সম্মেলনের তারিখ নভেম্বরের ২৩-২৪ তারিখ নির্ধারণ করা হয়েছে বলে সিরিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করলেও সহআয়োজক রাশিয়া ও যুক্তরাষ্ট্র তা অস্বীকার করেছে। প্রকাশিত তারিখের বিষয়ে সিরিয়া বিষয়ক জাতিসংঘ শান্তিদূত লাখদার ব্রাহিমির এক মুখপাত্রও সন্দেহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার সিরিয়ার উপপ্রধানমন্ত্রী কাদরি জামিল মস্কোয় এক সংবাদ সম্মেলনে ওই তারিখের কথা জানিয়েছিলেন। এর কয়েক ঘন্টার মধ্যেই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকজান্দার লুকাশেভিচ বলেন, “আমরা নিজেদের ছাড়িয়ে যেতে পারবো না। এই তারিখ নির্ধারণের দায়িত্ব সিরীয় কর্মকর্তার নয়। এটি জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব। সবপক্ষের সম্মতিক্রমে তিনি একটি তারিখ নির্ধারণ করে তা ঘোষণা করবেন।” এরপর বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রও তার প্রতিক্রিয়া জানায়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি বলেছেন, “সম্ভাব্য তারিখ নিয়ে আমরা আলোচনা করেছি, তবে কোনো তারিখ চূড়ান্ত করা হয়নি। জাতিসংঘ নির্ধারণ করে ঘোষণা না করা পর্যন্ত কোনো তারিখই চূড়ান্ত নয়।” ব্রাহিমির মুখপাত্র খাবলা মাত্তার জানিয়েছেন, নভেম্বরের প্রথম দিকের আগে কোনো তারিখ ঘোষণা করা যাবে বলে তারা আশা করছেন না।