১২ বছর পর হারানো মা ফিরে পেলো সন্তানেরা

গত মঙ্গলবার দৈনিক ইত্তেফাকে ‘আটোয়ারীতে বৃদ্ধার মানবেতর জীবন-যাপন’ শিরোনামে ছবি সম্বলিত খবর পড়ে বৃদ্ধাকে শনাক্ত করে স্বজনেরা। খবরের সূত্র ধরে নরসিংদীর শিবপুর উপজেলার যশোর হাট ইউনিয়নের সৃষ্টিগড় গ্রাম থেকে তাঁরা ছুটে যায় পঞ্চগড়ের অটোয়ারীতে। দীর্ঘ ১২ বছর পর মোক্তার ও সলেমা খাতুন তাদের মা সত্তোরোর্ধ খতেজা বেগমকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। সন্তানেরা জানান, গত প্রায় ১২ বছর পূর্বে তাদের মা নিজ বাড়ি থেকে হজ্ব যাত্রী ভাই সামছুলের ঢাকার বাড়িতে আসার পথে হারিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে মাকে ফিরে পাওয়ার আশা তাঁরা ছেড়ে দেয়। ১২ বছর আগে হারিয়ে যাওয়া বিধবা মায়ের সামনে ছেলে-মেয়ে মখোমুখি হওয়ার সাথে সাথেই একে অপরকে জড়িয়ে ধরে আনন্দের কান্নায় ভেঙ্গে পড়েন। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল ইসলাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোশারফ হোসেন, ইত্তেফাকের আটোয়ারী সংবাদদাতা ও আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, সমাজসেবক ব্যবসায়ী সার ডিলার হবিবর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বৃদ্ধা খতেজা বেগমকে তার ছেলে-মেয়ের হাতে তুলে দেয়া হয়।