চকরিয়া বালু ব্যবসায়ীদের দখলে আরকান মহাসড়ক
আরমান চৌধুরী, চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৩৬
চকরিয়ায় আরকান মহাসড়কে বালু ব্যবসায়ীদের দখলে। উপজেলার খুটাখালী-ফুলছড়ি থেকে উত্তরে হারবাং ফরেস্ট অফিসের অদূরে সড়কজুড়ে প্রায় ২০টি পয়েন্টে চলছে সড়ক দখল করে বালু ব্যবসা। সড়ক দখল করে বালু ব্যবসা করার কারণে প্রতিনিয়ত ঘটছে একাধিক দুর্ঘটনা। প্রশাসনের রহস্যজনক ভূমিকার কারণে সড়কের ওপর বালু মজুদ ও ব্যবসার পরিধি বেড়েছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা স্বাভাবিক চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এতে অনেক শিক্ষার্থী দুর্ঘটনায় আক্রান্ত হচ্ছে।
উপজেলার মালুমঘাট পুলিশ ফাঁড়ির সামনে থেকে শুরু করে সাফারী পার্ক, গ্রামীণ ব্যাংক, ডুলাহাজারা কলেজ গেইট, ডুলাহাজারা কবর স্থান, পাগলিরবিল সেতু, কচ্ছপিয়ার ঢালা, খুটাখালী ইউনিয়ন পরিষদ, গ্রামীণ ব্যাংক পয়েন্ট, খুটাখালী বাজার লাগোয়া সেতু ও ফুলছড়ি সেতু পযর্ন্ত সড়কের দুই পাশে উত্তোলনকৃত বালু মজুদ করে অবৈধ মোকাম গড়ে তুলেছে।
পরে এসব মোকাম থেকে ব্যবসায়ীরা ট্টাক যোগে বিভিন্ন স্থানে সরবরাহ করছে উত্তোলনকৃত বালু। স্থানীয়রা অভিযোগ করেছেন, পুলিশকে ম্যানেজ করে অভিযুক্ত ব্যবসায়ীরা অবৈধভাবে সড়ক দখল করে দীর্ঘদিন ধরে এসব মোকাম থেকে বালু ব্যবসা করে আসছেন নিবিগ্নে। চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া বলেন, সড়ক দখল করে বালু ব্যবসা করার ঘটনাটি নজরে এসেছে।