তালায় কপোতাক্ষ খননে শত শত নারী-পুরুষের স্বেচ্ছাশ্রম
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৩৮
দীর্ঘদিনেও কপোতাক্ষ নদ খনন কাজ শুরু না হওয়ায় জলাবদ্ধতায় নিমজ্জিত তালা উপজেলার জালালপুর ইউনিয়নের শত শত নারী-পুরুষ স্বেচ্ছাশ্রমে কপোতাক্ষ খননে নেমেছে। গতকাল শনিবার সকাল থেকে হাতে-কোদালে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কানাইদিয়া, চরকানাইদিয়া ও কৃষ্ণকাটি এলাকায় প্রায় দেড় হাজার লোক উক্ত খনন কাজে নামে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর নেতৃত্বে তাঁরা এ উদ্যোগ নেয়। এ সময় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চরকানাইদিয়া গ্রামের ৮৪ বছর বয়সী বৃদ্ধ আলী আকবর গাজী বলেন, “আমরা দীর্ঘদিন পানিতে বসবাস করছি। এখনও এখানকার পানি সরানোর ব্যবস্থা করা হয়নি। তাই শত শত নারী-পুরুষ কপোতাক্ষ খনন কাজে নেমেছি।
জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, অন্তত একটি স্কেবেটর মেশিন লাগিয়ে মাটি কাটলেও এলাকার মানুষের কষ্ট কিছুটা লাঘব হতো।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, জলাবদ্ধ এলাকার পানি সরানোর চেষ্টা চলছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআরের চাল বিতরণ করা হয়েছে। আরও বরাদ্দের প্রক্রিয়া চলছে।
পানি উন্নয়ন বোর্ডের যশোর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, স্কেবেটর মেশিন বিকল থাকায় কাজ করা সম্ভব হচ্ছে না।