ম্যান ইউতেই থাকছেন কিশোর বিস্ময় আদনান

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অভিষেকেই দুই গোল করে সাড়া ফেলে দেয়া মিডফিল্ডার আদনান জানুজাজ ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাবটির সাথে আরো পাঁচ বছরের চুক্তি করেছেন। এর ফলে ক্লাবটিতে ২০১৮ সাল পর্যন্ত থাকবেন তিনি। বর্তমানে কেবল ১৮ বছরের কিশোর জানুজাজ ৫ অক্টোবর সান্ডারল্যান্ডের বিরুদ্ধে এক গোলে পিছিয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে জিতিয়ে রাতারাতি তারকা খ্যাতি পান। বেলজিয়ামে জন্মানো ও আলবেনিয় বংশোদ্ভূত এই খেলোয়াড়টি ক্লাবের ওয়েবসাইটে বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি করতে পারাটা অনেক বড় শিহরণ। এখানে আসার পর থেকেই আমি সবসময় ভেবে এসেছি যে, এটাই হলো আমার জন্য সঠিক ক্লাব।’ কোচ ডেভিড ময়েস বলেন, ‘আমি আনন্দিত যে আদনান ইউনাইটেডেই নিজের ভবিষ্যত্ দেখছে। সে অসাধারণ এক মেধা এবং জুলাইয়ে আমি ইউনাইটেডে আসার পর থেকেই সে আমাকে মুগ্ধ করে রেখেছে। বয়সের বিচারে তার ভারসাম্য, আত্মবিশ্বাস ও সামর্থ্য সত্যি ব্যতিক্রমী।’ তিনি আরো বলেন, ‘এটা অসাধারণ যে সে এই ক্লাবকে চিনতে পেরেছে, বুঝতে পেরেছে এটাই হতে যাচ্ছে তার সেরা জায়গা। বিশেষ করে যখন এটা এমন এক ক্লাব যার ঐতিহ্য আছে তরুণ খেলোয়াড়দের গড়ে তোলার এবং তাদের বড় আঙ্গিনায় সুযোগ করে দেয়ার। বেলজিয়ামের অ্যান্ডারলেখট ক্লাব থেকে ২০১১ সালে ইউনাইটেডে যোগ দেয়া আদনান জানুজাজ জানান, তিনি কখনোই ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে যাওয়ার কথা ভাবেননি। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এই মৌসুমটি আমার জন্য দুর্দান্ত, প্রাক মৌসুম সফরে যাওয়া, ওয়েম্বলিতে কম্যুনিটি শিল্ডের খেলায় অভিষেক নেয়া এবং এরপর সান্ডারল্যান্ডের বিরুদ্ধে দলে জায়গা করে নেয়া। এটা স্বপ্নের মতো। আমি এখন আরো কঠোর পরিশ্রম করে নিজেকে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’ জানুজাজের ক্লাব ফুটবলের বাইরে বেলজিয়াম, আলবেনিয়া, কসোভো, সার্বিয়া ও তুরস্কের কোন একটির হয়ে খেলার সুযোগ আছে। তবে তিনি এখনো কোন্ দেশের হয়ে খেলবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেননি। বেলজিয়ামের সাবেক ফুটবলার ও বর্তমানে সে দেশের জাতীয় দলের কোচ মার্ক উইলমট বিশ্বকাপ বাছাইয়ে ক্রোয়েশিয়া ও ওয়েলশের বিরুদ্ধে খেলার জন্য তাকে মূল দলে রেখেছিলেন। কিন্তু খেলোয়াড়টি এতে তার অসম্মতির কথা জানান। সম্প্রতি ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের ম্যানেজার রয় হজসন এই তরুণকে পর্যবেক্ষণ করছেন বলে খবর বেরোনোর পর তার ইংল্যান্ডের হয়ে খেলা নিয়েও আলোচনা জমে উঠেছিল। সেক্ষেত্রে অবশ্য তাকে ২০১৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেননা নিয়ম অনুযায়ী কাউকে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলতে হলে সে দেশে পাঁচ বছর অতিবাহিত করতে হবে। আদনান ইতিমধ্যে কেবল দুই বছর পার করেছেন।