গিবসনের দায়িত্ব ছাড়ার খবরে উইন্ডিজের অস্বীকৃতি

কোচ ওটিস গিবসন ইংলিশ কাউন্টি গ্ল্যামারগণের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে খবর প্রকাশিত হলেও তা অস্বীকার করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। বিবিসি ওয়েলশে প্রচারিত খবরে বলা হয়, গ্ল্যামারগণের কোচ হিসাবে গিবসনকে প্রাধান্য দেয়া হচ্ছে। গিবসন বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে ওয়ারউইকশায়ার আগ্রহ প্রকাশ করা সত্ত্বেও ক্যারিবিয়ান দলটির সঙ্গে আরো তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেন তিনি। ডব্লিউআইসিবির এক মুখপাত্রের বরাত দিয়ে ক্রিকনফো জানায়, ‘এ বিষয়ে ওটিস কিছুই জানেন না। এ বছর তিনি নতুন করে তিন বছরের জন্য চুক্তি করেছেন এবং তার নজর কেবল ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ হিসাবেই।’ ওয়েস্ট ইন্ডিজ ৪৪ বছর বয়সী গিবসনের অধীনে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে এবং দলটি একটানা ছয় টেস্টে জয়ী হয় যা ১৯৮৮ সালের পর তাদের সেরা অর্জন। এ ছাড়া তার অধীনেই ওয়েস্ট ইন্ডিজ দল টেস্ট র্যাংকিংয়ে শীর্ষ পাঁচে উঠতে সক্ষম হয়। গিবসন ইতোপূর্বে দুই মৌসুম গ্ল্যামারগণের কোচের দায়িত্ব পালন করেছেন এবং তার সাবেক সতীর্থ খেলোয়াড় হুগ মরিস বর্তমানে কাউন্টি দলটির নতুন প্রধান নির্বাচিত হয়েছেন।