বিভিন্ন স্থানে পাঁচ জন খুন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৩৯
মতলব উত্তর ও টাঙ্গাইলের গোপালপুরসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় পাঁচজন খুন হয়েছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মতলব উত্তর (চাঁদপুর)
মতলব উত্তর উপজেলার নতুন মোহনপুর গ্রামে মসজিদের ইমামের হাতে জাহানারা বেগম (২৮) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল শনিবার সকালে নিহতের বসতঘর থেকে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় স্বামীকে স্থানীয়রা আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।
জানা যায়, গত শুক্রবার ক্বারী শাহআলমের বোন কুহিনুরের সাথে জাহানারার ঝগড়া হয়। এর জেরে রাতের খাবার খাওয়ার সময় জাহানারার ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করে। নিহতের ঘাড়ে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। সে শনিবার এশার নামাজের পর নিজ বাড়িতে গিয়ে স্ত্রীকে হত্যা করে নিজ কর্মস্থল পশ্চিম হানিরপাড় জামে মসজিদে ফিরে আসেন। পরে এলাকাবাসী কৌশলে শাহআলমকে বাড়িতে এনে পুলিশে ধরিয়ে দেয়। জাহানারার ভাই নয়ন মিয়া জানান, বিয়ের পর থেকেই বিভিন্ন সময় শাহআলম টাকার জন্য চাপ দিতো এবং মারধর করতো। এ ব্যাপারে নয়ন মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শাহআলম জানান, পারিবারিক কলহে এ হত্যাকাণ্ড হয়। স্থানীয়দের সহযোগিতায় স্বামীকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
গোপালপুর (টাঙ্গাইল)
মধুপুর উপজেলার সাইনাবাড়িতে গত শনিবার রাতে সুপারসান নকরেক নামে এক গারো যুবককে মাথায় আঘাত করে খুন করে দুর্বৃত্তরা। মধুপুর থানা পুলিশ জানায়, বাড়ি থেকে দোখলা পিকনিক স্পটে যাওয়ার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে খুন করে পালিয়ে যায়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে মধুপুর থানায় মামলা হয়েছে।
জগন্নাথপুর (সুনামগঞ্জ)
উপজেলার ইসমাইলচক গ্রাম থেকে শুক্রবার দুপুরে খাদিজা আক্তার মৌসুমী (১৬) নামের এক স্কুলছাত্রীর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আরজু মিয়ার মেয়ে খাদিজা আক্তার মৌসুমী রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। খাদিজা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ এনে নিহতের মামা মামুন মিয়া থানায় অভিযোগ দায়ের করেন। জগন্নাথপুর থানার এসআই খলিলুর রহমান চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে মেয়েটি আত্মহত্যা করতে পারে। ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
পার্বতীপুর (দিনাজপুর)
পার্বতীপুরে গতকাল শনিবার সকালে মোঃ মোশারফ হোসেন (৩১) নামে এক বাস চালককে ক্ষত-বিক্ষত করে খুন করেছে দুর্বৃত্তরা। সে উপজেলার বাসুপাড়া গ্রামের শাহ্ আলমের ছেলে। হত্যাকাণ্ডের প্রতিবাদে পরিবহন শ্রমিকরা পার্বতীপুর থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রাখে। নিহতের পিতা জানান, রুনা পরিবহনের বাসচালক হিসাবে সে চাকরি করতো। প্রতিদিনের ন্যায় গত শুক্রবার সকালে সে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। গতকাল শনিবার সকালে লোকজনের মুখে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার লাশ সনাক্ত করেন। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
পীরগাছা (রংপুর)
পীরগাছার পশ্চিম দেবু গ্রামে গত শনিবার দুপুরে পাওনা টাকা পরিশোধ না করায় প্রতিপক্ষের ঘুষিতে মৃত দছিমউদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুম (৫০) নামে এক ব্যক্তি নিহত হন। জানা যায়, আব্দুল কুদ্দুসের নিকট একই গ্রামের লিটন মিয়া ২ হাজার ৮০০ টাকা পেত। পাওনা টাকা দীর্ঘদিনেও পরিশোধ না করায় কুদ্দুস ও লিটনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে লিটনের শ্যালক হুমায়ুন কবির আব্দুল কুদ্দুসকে ঘুষি মারে। এতে ঘটনাস্থলেই আব্দুল কুদ্দুস মারা যান। পীরগাছা থানা পুলিশ লাশ উদ্ধার করে।