ভেদরগঞ্জে দখলবাজদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ

ভেদরগঞ্জ উপজেলার চাঁদপুর সীমান্তের দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের দখলবাজ ও চাঁদাবাজ অলিল, জলিল ও হারুন মোল্যার বিচার দাবিতে শনিবার ইউনিয়নের হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে। দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের আকা মোল্যার বাজারের পাশে এসইএসডিপি উচ্চ বিদ্যালয় মাঠে গোলা রসুল মোল্যার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজালাল মাল। বক্তব্য রাখেন, সখিপুর থানা বিএনপি নেতা সেলিম আহম্মেদ মাল, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এমএ রহিম নান্নু মাল, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম মোল্যা, ভেদরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব সাইফুল্লাহ মাস্টার, সমাজ সেবক মাস্টার মোহাম্মদ আলী চৌধুরী, ক্ষতিগ্রস্ত আমেনা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মানিকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মেম্বার আবদুল মতিন খাঁন, মোঃ মাঈন উদ্দিন মাঝি, যুবলীগ নেতা শাজাহান প্রধানিয়া, সাবেক মেম্বার আবদুল মালেক বেপারী, ইছু মোল্যা, বিএনপি নেতা শফি পেয়াদা প্রমুখ। এ ব্যাপারে সখিপুর থানা পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামিদের বাড়ি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় পুলিশ যাওয়ার পূর্বেই তারা পালিয়ে যায়।