সদরপুরে সন্ত্রাসী হামলায় ১০ জন আহত
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৫১
ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শ্যামপুর গ্রামের আনন্দ রায়ের বাড়িতে গত শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসীরা দু’দফা হামলা চালিয়ে লক্ষ্মীপূজা পণ্ড করে দেয়ার ঘটনা ঘটে। এ সময় এক তরুণীর শ্লীলতাহানি ঘটিয়ে তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনতাই ও বাড়ির লোকজনকে মারপিট করে জিম্মি করে রাখার ঘটনা ঘটে। পরে সদরপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে। সন্ত্রসীদের মারপিটে ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ১০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত সাংবাদিক প্রভাত কুমার সাহা (৩৫) ও উত্তম কুমার সাহাকে (৪৫) সদরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উক্ত এলাকার ১০টি সংখ্যালঘু পরিবার পুনরায় সন্ত্রাসীদের হামলার ভয়ে আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। এ ঘটনায় পরিবারগুলোর লক্ষ্মীপূজা পণ্ড হয়ে যায়।
জানা গেছে, আনন্দ রায়ের স্ত্রী গীতা রানী সাহা অভাবের তাড়নায় একই গ্রামের হারেজ মজুমদারের নিকট থেকে প্রায় ১ বছর পূর্বে চড়া সুদে ১০ হাজার টাকা দাদন নেন। প্রতি মাসে সুদের টাকা পরিশোধ করে আসছেন। সম্প্রতি সমস্ত টাকা পরিশোধের জন্য হারেজ মজুমদার চাপ দিয়ে আসছিলেন।
গত শুক্রবার সন্ধ্যায় গীতা রানীর পরিবার লক্ষ্মীপূজায় অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকা অবস্থায় হারেজ মজুমদারের নেতৃত্বে ৭/৮ জনের একদল সন্ত্রাসী পরিবারটির ওপর হামলা চালিয়ে টাকা দাবি করে। সাংবাদিক প্রভাত কুমার সাহার ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সদরপুর প্রেসক্লাবের সাংবাদিকরা। এ ব্যাপারে কথা বলার জন্য হারেজ মজুমদারের মোবাইল ফোনে কয়েকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।