কুকুর আতংকে কুড়িগ্রাম শহরবাসী
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৫১
কুড়িগ্রাম পৌরসভার বিভিন্ন এলাকায় শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত শিশু-বৃদ্ধ-নারী-পুরুষসহ অন্তত ৪০ জন কুকুরের কামড়ে আহত হয়েছে। আহতরা কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিত্সা নিয়েছে। কয়েকদিন ধরেই কুকুরে কামড়ানোর খবর পাওয়া গেলেও শনিবার সকাল থেকে তা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কুড়িগ্রাম শহরে এখন সাধারণ মানুষের মাঝে কুকুর কামড়ানো আতংক বিরাজ করছে। এদিকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে কুকুরে কামড়ানোর ভ্যাকসিন মজুদ শেষ হয়ে যাওয়ায় দেখা দিয়েছে সংকট। ফলে রোগীদের খোলাবাজার থেকে উচ্চমূল্যে ভ্যাকসিন ক্রয় করতে হচ্ছে। দরিদ্র মানুষ উচ্চমূল্যে ভাকসিন ক্রয় করতে না পারায় জলাতঙ্ক রোগের ঝুঁকি নিয়েই থাকতে হচ্ছে। কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নজরুল ইসলাম জানান, শহরের তালতলা, বানিয়াপাড়া, গড়েরপাড়, ছাদ্দির মোড়, ভকেশনাল মোড়, খলিলগঞ্জ এলাকা থেকে সবচেয়ে বেশি কুকুর কামড়ানো মানুষ ভর্তি হয়েছে।