প্রধানমন্ত্রীর দিনাজপুর সফর উপলক্ষে উত্সাহ-উদ্দীপনা
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৫২
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২২ অক্টোবর দিনাজপুর সফর উপলক্ষে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে উদ্দীপনা-উত্সাহ। জেলার ১৩টি উপজেলায় চলছে ব্যাপক সাংগঠনিক তত্পরতা ও প্রচারাভিযান। প্রায় ৫ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ অক্টোবর দুপুর ২টায় দিনাজপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় গোর-এ শহীদ বড় ময়দানে ভাষণ দিবেন। আলোচিত ২৪ অক্টোবরের ২ দিন পূর্বের এই জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাত্পর্যময় হিসেবে দেখছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী ২২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ১০ লাখ মানুষের সমাগম ঘটানো হবে। সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করতেই আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন। গতকাল দিনাজপুর সার্কিট হাউজে ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, গোবিন্দগঞ্জসহ উত্তরবঙ্গের ৮ জেলার জাতীয় সংসদ সদস্য, আওয়ামী লীগের সভাপতি/ সম্পাদকদের সমন্বয় সভায় তিনি এ কথাগুলো বলেন।