গোপালগঞ্জে শিক্ষানবীশ নার্সের আত্মহত্যা
গোপালগঞ্জ প্রতিনিধি ও কোটালীপাড়া সংবাদদাতা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৫৩
গোপালগঞ্জে প্রেমিকের প্ররোচনায় সম্মিলিত সামরিক হাসপাতালের শিক্ষানবিস নার্স কাকলী অধিকারী (২৪) আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কাকলীর প্রেমিক ডিকেন্স রায় বৃহস্পতিবার রাতে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মোবাইল ও আইডি কার্ড কেড়ে নেয়। অপমান সইতে না পেরে কাকলী শুক্রবার সকালে কোটালীপাড়া উপজেলার মাদারবাড়ী গ্রামে নিজ বাড়িতে শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করে আত্মহত্যা করে। কাকলী মাদারবাড়ী গ্রামের রমেশ অধিকারীর মেয়ে।
শনিবার যশোর ক্যান্টনমেন্ট থেকে একটি টিম মাদারবাড়ী এসে কাকলীর লাশ উত্তোলন করেছে। পুলিশ অভিযুক্ত ডিকেন্সকে গ্রেফতারে শুক্রবার থেকে অভিযান শুরু করেছে। কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ জানিয়েছেন, সম্মিলিত সামরিক হাসপাতালের নার্সের মৃত্যুর ঘটনায় যশোর ক্যান্টনমেন্ট থেকে একটি টিম এসে লাশ উত্তোলন করে ফের ময়না তদন্তের ব্যবস্থা করেছে। এ ব্যাপারে প্রথম একটি ইউডি মামলা দায়ের করা হয়। শনিবার নার্সের পিতা রমেশ অধিকারী বাদী হয়ে ডিকেন্সকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনা মামলা দায়ের করেছেন।