ভারতীয় বোর্ডকে খুশি করতে লরগাতকে ছুটিতে পাঠাতে পারে দক্ষিণ আফ্রিকা

ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ভারতের চাপের কাছে নতি স্বীকার করে তাদের নবনিযুক্ত প্রধান নির্বাহী হারুন লরগাতকে দীর্ঘ ছুটিতে পাঠাতে পারে। এ থেকে বোঝা যায় বর্তমান ক্রিকেট বিশ্বে ভারতের দাপট কতটা বেড়ে চলেছে। এ বছরের শেষ দিকে ভারতীয় দলের সফর নিশ্চিত করতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ক্ষমতাধর ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) খুশি করতে এ উদ্যোগ নিয়েছে বলে খবর বেরিয়েছে। নীতিগতভাবে মানতে না পারলেও সিএসএ লরগাতকে ‘দীর্ঘ ছুটিতে’ যেতে প্রস্তাব দিয়েছে। কিন্তু ভারতীয় দলের সফর নিশ্চিত করতে বিসিসিআই’র কাছে নতি স্বীকার করা ছাড়া সিএসএ’র আর কোন পথ নেই। তবে ভারতীয় দলের সফর হলেও প্রাথমিকভাবে ঘোষিত সূচি অনুযায়ী হচ্ছে না। সফর সংক্ষিপ্ত হবে এটা নিশ্চিত। ভারতীয় বোর্ড সফরটি নিয়ে জটিলতার কারণ হিসেবে প্রকাশ্যে লরগাতের কথা বলেনি। বরং তারা কারণ হিসেবে জানায় যে সফরসূচিটি তাদের সম্মতি ছাড়া প্রকাশ করা হয়েছিল। কিন্তু স্পোর্টস টুয়েন্টিফোর এর দেয়া খবরে বলা হয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক প্রধান নির্বাহী হিসেবে কাজ করা লরগাত ভারতীয় বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে খুবই অজনপ্রিয়। এটা বোঝা যায় যখন এ মাসের শুরুতে বিসিসিআই সিএসএ সভাপতি ক্রিস নেনজানিকে আলোচনার জন্য ডাকলেও তা থেকে বাদ দেয়া হয় লরগাতকে। এখন তাই ক্রিকেটে অত্যন্ত প্রভাবশালী দেশটির সঙ্গে সম্পর্ক অটুট রাখতে ভারত সংশি¬ষ্ট যে কোন বিষয়ে লরগাতকে দূরে সরিয়ে রাখতে পারে দক্ষিণ আফ্রিকা। সিএসএ ইতোমধ্যেই বিসিসিআই কর্মকর্তাদের জানিয়েছেন, এ সফর নিশ্চিত করতে তারা একত্রিত হয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করবেন। যেখানে ভবিষ্যতে বিসিসিআই’র সঙ্গে সংশ্লিষ্ট কোন কার্যক্রমে লরগাতের সম্পর্ক থাকবে না। এমন প্রস্তাবের মাধ্যমে বিসিসিআই হয়তোবা দু’টির পরিবর্তে সিএসএ’র তিন টেস্ট খেলার ইচ্ছা পূরণ করতে পারে। প্রকাশিত রিপোর্টে আরও বলা হয়, নতুন বছরের টেস্ট খেলতে বিসিসিআই যদি তাদের দল দক্ষিণ আফ্রিকা রাখতে রাজি হয়, তাহলে সিএসএ’র রাজস্ব আয়ের লোকসান কিছুটা কম হবে।— বাসস