বিচারপতি মারজি-উল
হকের ইন্তেকাল
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৩, ২২:৩৯
সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মারজি-উল হক (৬৮) গতকাল শনিবার হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার ছোট বোন সাংবাদিক বেবী মওদুদ জানান, সকালে বুকে ব্যথা অনুভব করার পর মারজি-উল হককে তার ধানমন্ডির বাসভবন থেকে স্কয়ার হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বাদ জোহর ধানমন্ডি ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।
তিনি রাওয়ালপিন্ডি গর্ডন কলেজ থেকে ডিগ্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করেন। বিচারপতি মারজি- উল হক ১৯৭১ সালে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ১৯৭২ সালে জেলা জজ হিসাবে নিম্ন আদালতে যোগদান করেন। তিনি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারও ছিলেন। গত বছর হাইকোর্ট বিভাগের একজন বিচারক হিসাবে তিনি অবসরে যান।
প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারপতি মারজি-উল-হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বিচার বিভাগে তার অমূল্য অবদানের কথা স্মরণ করে বলেন, মারজি-উল হকের মৃত্যুতে জাতি এক মেধাবী সন্তানকে হারালো। শেখ হাসিনা তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।