কলমাকান্দায় যুবলীগের হামলায় যুবদল নেতা আহত

জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজার এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ কর্মীদের হামলায় আহত হয়েছেন ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক নূরে আলম ফৌজদার। তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কলমাকান্দার নাজিরপুর বাজারে নূরে আলম ফৌজদারের সাথে একই এলাকার যুবলীগ কর্মী হাসেন আলীর দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর আগে তাদের মধ্যে কয়েক দফা ঝগড়াও হয়েছে। এরই জের ধরে শুক্রবার বিকালে নাজিরপুর বাজারে বের হলে ৭/৮ জন তার ওপর চড়াও হয়। তারা নূরে আলমকে লাঠিসোটা দিয়ে এলোপাথারি পিটিয়ে মারাত্মক জখম করে।