প্রধানমন্ত্রীর ভাষণ বিএনপির জন্য এক্সিট পয়েন্ট
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৩, ২৩:০২
জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বিরোধী দল বিএনপির জন্য একটি এক্সিট পয়েন্ট হতে পারে বলে মন্তব্য করেছেন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এশিয়া বিভাগীয় নির্বাহী পরিচালক ব্রাড অ্যাডামস। তিনি বলেন, ‘সংঘাত-সংঘর্ষের রাজনীতি থেকে বেরিয়ে আসতে বিরোধী দলীয় নেত্রী এটি কাজে লাগাতে পারেন।’
এইচআরডব্লিউর লন্ডন অফিসে শুক্রবার বিকেলে বাংলাদেশি ফোরাম এগেইনস্ট বর্ডার কিলিংস অ্যান্ড ভায়োলেন্সের (বিএবিকেভি) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা বাংলা নিউজ এ খবর জানায়।
২৫ অক্টোবরকে সামনে রেখে সংঘাতের আশঙ্কা করে ব্রাড অ্যাডামস বলেন, ‘প্রধানমন্ত্রীর ভাষণকে বিরোধী দল বিবেচনায় নিলে এ সংঘাতের আশঙ্কা থেকে বাংলাদেশের জনগণ বেরিয়ে আসতে পারে। বিএনপি এই সুযোগ গ্রহণ করে দেশকে হানাহানির হাত থেকে রক্ষা করতে দায়িত্বশীলতার পরিচয় দেবে বলে আশা প্রকাশ করি।’ এক ঘণ্টারও বেশি সময়ব্যাপী অনুষ্ঠিত বৈঠকে ব্রাড অ্যাডামস ভারত-বাংলাদেশ সম্পর্ক ও সীমান্ত হত্যা বন্ধে হিউম্যান রাইটস ওয়াচের বিগত ৭ থেকে ৮ বছরের কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।
এসময় তিনি সীমান্ত হত্যা বন্ধ ও ফেলানী হত্যার বিচার আদায়ে ভূমিকা রাখার আহ্বান সম্বলিত বিএবিকেভি’র একটি স্মারকলিপি গ্রহণ করেন।