অনির্বাচিতদের ক্ষমতা দখলের সুযোগ নেই :জয়

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পেইজে বলেছেন, অনির্বাচিত সরকারের ক্ষমতা দখল করার কোনও সুযোগ নেই। সুশীল সমাজের একটি বড় অংশ প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানালেও যে অংশটি ১/১১ র সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণকে সমর্থন করেছিল তারা এ প্রস্তাবের বিরোধিতা করছে। গতকাল সন্ধ্যায় বাংলা ও ইংরেজিতে লেখা প্রধানমন্ত্রীর ভাষণ প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরে মন্তব্য করেন জয়। তার মন্তব্যটি হুবহু তুলে ধরা হলো: ‘আশা করি আপনারা সবাই আমার মার গতকালের (শুক্রবার) ভাষণ শুনেছেন কিংবা দেখেছেন। তিনি আমাদের নির্বাচনী অবস্থান এবং পরিকল্পনা সম্ভাব্য সকল উপায়ে পরিষ্কার করেছেন। একটি ‘নির্বাচিত’ এবং সংবিধান-বিধিবদ্ধ সরকার নির্বাচন তদারক করবে। একটি অনির্বাচিত সরকারের ক্ষমতা দখল করার কোনও সুযোগ নেই। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, তাই আমরা বিশ্বাস করি প্রস্তাবিত এই সরকারের সঠিক গঠন পরিকল্পনা আলোচনা ও সমঝোতার মাধ্যমে ঠিক করা যেতে পারে। আমরা সংসদে প্রতিনিধিসম্বলিত সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে এ সরকারে অংশগ্রহণ ও সরকার গঠনে পরামর্শ চাই।’ ‘সুশীল সমাজের একটি বড় অংশ প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছে কিন্তু কৌতূহলোদ্দীপক হলো সুশীল সমাজের যে অংশটি ১/১১’র সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণকে সমর্থন করেছিল, তারা এ প্রস্তাবের বিরোধিতা করছে। স্পষ্টত, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না!’