ফিরতি হজ্ব ফ্লাইট ভোগান্তি দিয়ে শুরু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ্ব ফ্লাইটের শুরুতেই হাজীরা ভোগান্তিতে পড়েন। পবিত্র হজ্বব্রত পালন শেষে তারা দেশে ফেরার জন্য সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত হয়ে জানতে পারেন, নির্দিষ্ট সময়ে বিমান ছেড়ে যাবে না। তারা শুধু তাকিয়ে দেখেছেন যে, তাদের সামনে দিয়ে অন্যান্য দেশের হাজীরা পূর্বনির্ধারিত ফ্লাইটে স্ব-স্ব দেশে ফিরছেন। গতকাল শনিবার থেকে বিমানের ফিরতি হজ্ব ফ্লাইট শুরু হয়েছে। বিমান বন্দর থেকে জানানো হয়, বিকাল সাড়ে ৫টায় ফিরতি প্রথম হজ্ব ফ্লাইট অবতরণ করেছে। বিমান বন্দরে হাজীদের স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী কর্ণেল (অব.) মোহাম্মদ ফারুক খান। এ সময় বিমান ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানের ফিরতি দ্বিতীয় হজ্ব ফ্লাইট রাত আড়াইটায় পৌঁছানোর কথা রয়েছে বলে বিমান বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন। এদিকে আগামীকাল সোমবার সৌদি এয়ারলাইন্সের ফিরতি হজ্ব ফ্লাইট শুরুর কথা রয়েছে। বিমান বন্দর সূত্র জানায়, গতকাল সৌদি আরবের সময় ভোর সোয়া ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৩৮ নম্বর ফ্লাইট জেদ্দা থেকে ছাড়ার নির্ধারিত সময় ছিলো। কিন্তু হাজীরা শেষ রাতে জেদ্দা বিমান বন্দরে পৌঁছেই হোঁচট খান। তাদেরকে জানানো হয়, ভোর সোয়া ৬টার পরিবর্তে বিমানের ফ্লাইট জোহরের নামাজের পর ছেড়ে যাবে। সূত্র আরও জানায়, হাজীরা ফজরের নামাজ আদায় না করেই বিমানের ফ্লাইট ধরতে জেদ্দা বিমান বন্দরে হাজির হন। শেষরাতে জেদ্দা বিমান বন্দরে হাজির হওয়ার পর কেন এমন ভোগান্তি সে প্রশ্নের জবাব হাজীরা পাননি।