চালক খুনের প্রতিবাদে পার্বতীপুরে বাস-ট্রাক চলাচল বন্ধ
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৩, ২৩:১৪
জেলার পার্বতীপুরে মোশাররফ হোসেন (৩৫) নামে এক বাস চালককে হত্যা করেছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা। এ হত্যার প্রতিবাদে উপজেলার সব রুটে স্থানীয় মোটর পরিবহন শ্রমিকরা বাস-ট্রাক চলাচল বন্ধ করে দেয়। আগামীকাল লাশ দাফনের পর পুনরায় গাড়ি চলাচল চালু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নিহত বাস চালক মোশাররফ হোসেন পার্বতীপুর উপজেলার বাসুপাড়া গ্রামের শাহ আলমের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাস চালক মোশাররফ হোসেনকে অজ্ঞাত দুষ্কৃতকারীরা হত্যা করে গত শুক্রবার রাতে লাশ রেল লাইনের পাশে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা গতকাল শনিবার সকালে রেল লাইনের পাশে হাত-পা বাঁধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।