প্যানেলভুক্ত শিক্ষকদের অনশনের ১৪ দিন অতিবাহিত

টানা ১৪ দিন চলছে প্রাথমিক বিদ্যালয়ে প্যানেলভুক্ত শিক্ষকদের অনশন কর্মসূচি। দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে তারা এখনো অঙ্গীকারাবদ্ধ। শনিবার অনশনের ১৪তম দিন পার করেছেন তারা। ইতিমধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। স্যালাইন দিয়ে সেখানে দিনরাত পার করছেন তারা। জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্যানেলভুক্ত শিক্ষকদের দ্রুত নিয়োগের দাবিতে এই অনশন কর্মসূচি পালন করা হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের সামনে প্যানেল শিক্ষক ঐক্য জোট এই অনশন করছে। অনশনকারীদের দাবি, পরীক্ষার মাধ্যমে ৪২ হাজার ৬১১ জনকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। কিন্তু নিয়োগ দেয়া হয়েছে মাত্র ১৪ হাজার জনকে। তারপরও যাদের নিয়োগ দেয়া হয়েছে তাদের মেধা অনুযায়ী নিয়োগ দেয়া হয়নি। নিয়োগ বিজ্ঞপ্তিতে যে নিয়োগ দেয়ার কথা বলা হয়েছিল সেভাবে দেয়া হয়নি। এতে মেধাবীরা নিয়োগ পাননি।