উখিয়ায় পিতার বিরুদ্ধে শিশু ছিনতাই মামলা
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৩, ২৩:১৬
উখিয়ার পালংখালী ইউনিয়নের ভাদিতলা গ্রামের যৌতুকের দাবিতে লম্পট স্বামী স্ত্রীকে পাশবিক নির্যাতনের পর দুগ্ধপোষ্য শিশু ছিনতাই করে স্ত্রীকে তালাক দিয়েছে। এ সময় সন্ত্রাসী হামলায় শ্বশুরসহ দুজন গুরুতর আহত হয়েছে। এ ব্যাপারে সেলিনা আক্তার বাদী হয়ে গতকাল শনিবার উখিয়া থানায় একটি অভিযোগ করেছে।
ভাদিতলা গ্রামের হাফেজুর রহমানের পুত্র মফিজুর রহমান (২৪) এর সাথে একই গ্রামের বাদশা মিয়ার কন্যা সেলিনা আক্তার (২২) এর বিয়ে হয় গত দেড় বছর আগে। বর্তমানে তাদের সংসারে একটি ৮ মাসের দুগ্ধপোষ্য শিশু কন্যা সন্তান রয়েছে। সেলিনা আক্তার সাংবাদিকদের জানান, তার স্বামী মফিজুর রহমান (২৪) ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে তাকে গত দুই মাস আগে তাড়িয়ে দেয়। বৃহস্পতিবার পূর্বপরিকল্পিতভাবে বাড়িতে এসে তার একমাত্র শিশু কন্যাকে ছিনতাই করে নিয়ে যায়। উখিয়া থানার ওসি মো: গিয়াস উদ্দিন মিয়া জানান, শিশু উদ্ধার করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।