কারাগারে যুবদল নেতার মৃত্যু
প্রতিবাদে কচুয়ায় হরতালে পুলিশসহ আহত ১৫
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৩, ২৩:১৯
জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় কচুয়া উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. দুলাল হোসেনের মৃত্যুর প্রতিবাদে গতকাল শনিবার উপজেলায় বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল পালন করে।
এ সময় স্থানে স্থানে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব সংঘর্ষে পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গতকাল সকাল থেকে কচুয়া-কালিয়াপাড়া সড়কের বায়েক, তৈঘুরিয়া, পালাখাল, ঘাঘরা, জগত্পুরসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। এতে কচুয়া-কালিয়াপাড়া এবং কচুয়া সাচার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কচুয়া কালিয়াপাড়া সড়কের তৈঘুরিয়া মোড়ে গতকাল সকাল ১০টার দিকে সড়কে অবরোধ তুলে দিতে পুলিশ চেষ্টা করে। এ সময় হরতাল সমর্থকরা পুলিশের ওপর আক্রমণ চালায়। তাছাড়া এ স্থানে এক পর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৩০ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। এ সংঘর্ষে কচুয়ার থানার এসআই মোবারক হোসেন ও এসআই বাতেনসহ ৬ জন পুলিশ আহত হয়েছেন। এছাড়া বিএনপি আওয়ামী লীগের কমপক্ষে ৯ জন সমর্থক আহত হন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি মামলায় ১৯ জন বিএনপি নেতা-কর্মী জেলে থাকাকালে সবার জামিনের পর জেল গেইট থেকে পুনরায় মৃত দুলালসহ ৬ জনকে অন্য আরেকটি মামলা দেখিয়ে গ্রেফতার করা হয়। বিএনপি নেতারা দাবি করেছে, দুলাল ৪/৫ দিন পূর্বে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ সঠিক সময়ে তার চিকিত্সার ব্যবস্থা করেনি। অসুস্থ অবস্থায় গত ১৭ অক্টোবর কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেইদিনই রাত সাড়ে ১১ টায় তিনি মারা যান।