রিয়ালের জয়ের দিনে বার্সা ও অ্যাথলেটিকোর ছন্দপতন

চ্যাম্পিয়ন বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ ১৯৬৮-৬৯ মৌসুমে গড়া লা লিগার সূচনায় টানা ৯ খেলায় জয়ের রিয়াল মাদ্রিদের রেকর্ডটির সমকক্ষ হতে পারলো না। বরং গত শনিবার রাতে অনুষ্ঠিত খেলায় মাঠে নামার আগে শতভাগ জয়ের মধ্যে থাকা দুটি দলই হোঁচট খেয়ে চলতি মৌসুমে স্পানিশ লিগে প্রথমবারের মতো পয়েন্ট খোয়ায়। অথচ টানা ৮ খেলায় জয়ী দল দুটি এ রাতে মাঠে নেমেছিল রেকর্ডটিতে ভাগ বসানোর আশায়। রিয়াল মাদ্রিদ অবশ্য অ্যাঞ্জেল ডি মারিয়া ও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ইত্যবসরে নিজেদের খেলায় মালাগার বিরুদ্ধে ২-০ গোলে জিতে উভয় দলের সাথে ব্যবধান কমিয়ে আনে। অপরদিকে অ্যাথলেটিকোকে ১-০ গোলে হারিয়ে দেয় এস্পানিয়ল। বার্সেলোনা না হারলেও ওসাসুনার মাঠে গোলশূন্য ড্রয়ে বাধ্য হয়। বার্সেলোনার পড়শি এস্পানিয়ল কিছুটা ভাগ্যের সহায়তাও পায় জয়ে। সের্জিও গার্সিয়া বাম প্রান্ত থেকে যে ক্রস করেন তা ঠিকমতো সামলাতে না পেরে অ্যাথলেটিকোর পোস্টে থাকা গোলরক্ষক থিবট কর্টোইস নিজের জালে বল ঢুকিয়ে দেন। দিয়েগো কস্তা কয়েক দফায় গোলের সুযোগ পেলেও সেসব কাজে লাগাতে পারেননি। ফলে ব্রাজিলীয়কে তার আগের অর্জন ১০ গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। বিপরীতে এস্পানিয়ল টানা ৩ লিগ হারের ধকল কাটিয়ে উঠে জয়ের মুখ দেখে। কোচ জেরার্ডো মার্টিনো লা লিগা চ্যাম্পিয়নদের অধিনায়ক কার্লোস পুয়োলকে মাঠে নামিয়েও এদিন জয়ের দেখা পাননি। ৩৫ বছর বয়সী এই খেলোয়াড় ইনজুরির কারণে সাত মাস পর মাঠে নামেন। লিওনেল মেসি ইনজুরি কাটিয়ে দলে ফিরলেও প্রথমে বেঞ্চে আসন নিয়েছিলেন। জয়ের আশায় কোচ মার্টিনো তার স্বদেশীকে মাঠে নামান। কিন্তু বিরতির পর মাঠে নেমে তিনি যে ২৫ মিনিট খেলেন তাতে দলের ড্র ঠেকাতে কোন অবদান রাখতে পারেননি। তবে ৪ বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের খেলায় ছিল ইনজুরি কাটিয়ে ওঠার আভাস। এ ইনজুরির কারণে তিনি সেলটিক ও ভ্যালাদোলিদের বিরুদ্ধে খেলতে পারেননি। এমনিতে খেলায় ছিল বার্সেলোনারই প্রাধান্য। কিন্তু গোল পোস্টের সামনে তাদের চ্যাম্পিয়নের মতো মনে হয়নি। এর মধ্যে সেসক ফেব্র্রেগাস বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন। শিরোপা পুনরুদ্ধারে প্রয়াসী রিয়াল মাদ্রিদ অবশ্য দিনের শুরুতে অনুষ্ঠিত খেলায় নিজেদের মাঠ বার্নাব্যুতে জিতে প্রতিদ্বন্দ্বীদের আগাম হুঁশিয়ারি দিয়ে রাখে। আন্দালুশিয়ান ক্লাবটি স্পানিশ রাজধানীতে কখনোই রিয়ালকে হারাতে পারেনি। ডি মারিয়ার গোল ও গ্যারেথ বেলকে ফেলে দেয়ার কারণে পাওয়া পেনাল্টি মেরে রোনালদোর লক্ষ্যভেদে রিয়াল এ রাতেও রেকর্ডটি অক্ষুণ্ন রাখতে সমর্থ হয়। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় বেল তিন সপ্তাহ পর দলের হয়ে আবার মাঠে নামলেন। ৭৫ মিনিটে তিনি অ্যালভারো মোরাতার পরিবর্তে মাঠে নেমে তিনি নিজের মেধার কিছুটা ঝিলিক দেন। কোচ কার্লো অ্যানচেলোত্তি জুভেন্তাসের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে ও ন্যুক্যাম্পে মৌসুমের প্রথম এলক্লাসিকোর আগে বেল কতটা ফিট তাই হয়তো পরখ করে নেন এদিন। আগামী শনিবার এ এলক্লাসিকোটি অনুষ্ঠিত হবে। স্পানিশ লিগের সর্বশেষ রাউন্ডের খেলা শেষে বার্সেলোনা, অ্যাথলেটিকো ও রিয়াল সমান ৯ খেলা শেষে পেল যথাক্রমে ২৫, ২৪ ও ২২ পয়েন্ট।