রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল শুরু কাল থেকে

আগামীকাল মঙ্গলবার থেকে রাঙ্গামাটিতে শুরু হচ্ছে রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। চিং লা মং মারী স্টেডিয়ামে বিকাল তিনটায় টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেবে রাঙ্গামাটি সদর উপজেলা একাদশ বনাম বাঘাইছড়ি উপজেলা একাদশ। টুর্নামেন্টে রাঙ্গামাটি জেলার ১০ উপজেলার ১০ টি দল অংশ গ্রহণ করছে। দলগুলো হলো— গ্রুপ ‘এ’তে রাঙ্গামাটি সদর উপজেলা, কাপ্তাই উপজেলা, রাজস্থলী উপজেলা, বাঘাইছড়ি উপজেলা, লংগদু উপজেলা। গ্রুপ ‘বি’তে কাউখালী উপজেলা, বরকল উপজেলা, নানিয়ারচর উপজেলা, বিলাইছড়ি উপজেলা, জুরাছড়ি উপজেলা। আগামী ৩১ অক্টোবর টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গতকাল রাঙ্গামাটি পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানান জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার আমেনা বেগম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার টুর্নামেন্ট কমিটির কর্মকর্তা মোঃ শফিউল আজমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, নকআউট পদ্ধতিতে এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় বাছাইয়ের উদ্দেশ্যকে সামনে রেখে প্রত্যেক উপজেলার ইউএনও তথা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে স্থানীয় পর্যায়ের খেলোয়াড়দেরকে নিয়ে উপজেলা দলগুলো গঠন করা হয়েছে। এই টুর্নামেন্টে বাইরের খেলোয়াড়দের অংশগ্রহণকে নিরুত্সাহিত করতে প্রত্যেক দলের খেলোয়াড় অন্তর্ভুক্তির বিষয়ে এই প্রথমবারের মতো জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। এই টুর্নামেন্টের সমগ্র ব্যয় নির্বাহের জন্য দেশের একটি মোবাইল অপারেটর সহযোগিতা করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।