বরগুনায় ভ্রাম্যমাণ আদালতের সাথে জেলেদের সংঘর্ষ
বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৩, ২১:১৩
বরগুনার চরকাকচিড়ায় বিষখালী নদীতে শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের সাথে জেলেদের সংঘর্ষে ইউএনও, পুলিশ ও জেলেসহ ৫ জন আহত হয়েছেন। বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূর-ই-আলম জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা কর্মসূচির অধীনে শনিবার রাত ১১টার দিকে বিষখালী নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় একদল উশ্ছৃংখল জেলে তাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় তিনিসহ পুলিশের এএসআই ওবাইদুল জেলেদের নিক্ষিপ্ত ইটের আঘাতে আহত হন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়তে হয়েছে। এ ঘটনায় বরগুনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
মুন্সীগঞ্জে আড়াই লাখ মিটার কারেন্টজালসহ আটক ১০
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, রবিবার সকালে মুন্সীগঞ্জের পদ্মা, মেঘনা ও রজত রেখা নদীতে পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার মিটার কারেন্টজাল, ১১০ মা ইলিশসহ ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও মত্স্য বিভাগ। এসময় ৬ জেলেকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাকি চারজনকে ইলিশ না ধরতে শপথ করিয়ে ছেড়ে দেয়া হয়।
সুজানগরে ফেরি করে ইলিশ বিক্রি
সুজানগর (পাবনা) সংবাদদাতা জানান, মত্স্য আইনকে উপেক্ষা করে পাবনার সুজানগরের গ্রামাঞ্চলে ফেরি করে ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে। উল্লেখ্য ইলিশের প্রজনন মৌসুমের কারণে গত ১৩ অক্টোবর থেকে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত হাট-বাজারে ইলিশ বিক্রি, আহরণ, পরিবহন, মজুদ এবং বাজারজাতকরণের ওপর মত্স্য আইনে নিষেধাজ্ঞা রয়েছে। বাজারের চেয়ে দাম কম হওয়ায় গ্রামের মানুষ ফেরিওয়ালার কাছ থেকে কিনছেনও প্রচুর ইলিশ।
গোয়ালন্দে কারেন্টজাল জব্দ
৭ জেলের জরিমানা
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা জানান, গোয়ালন্দে শনিবার রাতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে টাস্কফোর্স বিপুল পরিমাণ কারেন্টজাল জব্দ ও সাত জেলের কাছ থেকে জরিমানা আদায় করেছে। জব্দকৃত নিষিদ্ধ জাল উপজেলা কমপ্লেক্সে নিয়ে পুড়িয়ে ফেলা হয়।
কমলনগরে কারেন্টজালে অগ্নিসংযোগ
রামগতি সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীর ইলিশ প্রজনন এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের সময় প্রায় ১১ হাজার মিটার কারেন্টজাল ও ৪টি ইঞ্জিনচালিত মাছ ধরার ট্রলার আটক করা হয়।
কমলনগর থানা পুলিশ ও মত্স্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে মেঘনা নদীর মতিরহাট, চরকালকিনি, সাহেবেরহাট, চরফলকন, পাটারিরহাট ও ফেতনার খাল এলাকা থেকে ওইসব জাল ও ট্রলার আটক করে।
আড়াইহাজারে কারেন্টজাল জব্দ
গোপালদী বাজার ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজারে গতকাল ২শ’ মিটার কারেন্টজাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। এ সময় দুই জেলেকে আটক করে তাদের কাছ থেকে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
স্বরূপকাঠিতে ২ জেলের জরিমানা
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার সন্ধ্যায় স্বরূপকাঠির সন্ধ্যা নদীতে ইলিশ শিকারের অপরাধে উপজেলার কামারকাঠি গ্রামের দুই জেলের নিকট থেকে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বরগুনায় মাছ ধরা ট্রলার নিলামে বিক্রি
বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি জানান, ইলিশ মাছ ধরার অপরাধে রবিবার বিকালে বড়ইতলা ফেরি ঘাটে বিপুল পরিমাণ জাল পোড়ানো হয়েছে। নিলামে বিক্রি করা হয়েছে একটি মাছ ধরার ট্রলার। রায়ভোগ গ্রামের পান্না বিশ্বাসের ঐ ট্রলারটি নিয়ে বিষখালী নদীতে ইলিশ মাছ ধরা হচ্ছিল। এছাড়া পাথরঘাটার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার গতকাল দুপুরে রুহিতা গ্রামের আবদুল হকের বাড়ি থেকে ৩২০ টি ইলিশ মাছ উদ্ধার করেছেন।
চরফ্যাশনে ৮ জেলের জেল জরিমানা
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা জানান, চরফ্যাশনের তেতুলিয়া নদীতে রাতের আঁধারে মা ইলিশ নিধনের অভিযোগে গতকাল ৮ জেলেকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মাছ ধরার সময় রবিবার ভোর রাতে চরফ্যাশনের তেতুলিয়া নদী থেকে এদের আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মো. আকবর হোসেন, মো. সেন্টু, মো. মাইনুুদ্দিন, মো. নাজিম উদ্দিন ও আ. বারেককে ১ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করে। এদের মধ্যে আকবর হোসেনের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।