দুই দফায় দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দুই দফায় ১০ বছর দেশের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। এ সময়ের মধ্যে বাংলার কৃষকের ও ধান বীজ গবেষকদের সহযোগিতায় দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গেরাপচা গ্রামে শনিবার সন্ধ্যায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বিনা উপকেন্দ্রের উদ্বোধন করেন। কৃষিমন্ত্রণালয়ের সচিব এস, এম, নাজমুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন এমপি ফজলুল হক চান, বিনার মহাপরিচালক ডঃ এমএ সাত্তার, উপ-পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ, নালিতাবাড়ী আওয়ামী লীগের সভাপতি হালিম উকিল, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু প্রমুখ। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ২৪ বিঘা জমির উপর ছয় হাজার বর্গফুটের নির্মিত বিনা মূলভবনে রয়েছে অফিস, আবহাওয়া বার্তা কেন্দ্র, গবেষণাগার, প্রশিক্ষণ কেন্দ্র, থ্রেশিং সেন্টার, গেস্ট হাউজ, মসজিদ, বীজ সংরক্ষণাগার, কয়েকটি কোয়ার্টারসহ বিশাল আবাদি জমি।