প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পাকশী
স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৩, ২১:৩২
বৃটিশ আমলে পদ্মার উপর হার্ডিঞ্জ ব্রিজ প্রতিষ্ঠার সময় হতেই ঈশ্বরদীর পাকশী গুরুত্বপূর্ণ স্থান। এসময় পশ্চিমাঞ্চল রেলওয়ের একমাত্র সদর দপ্তর পাকশীতে প্রতিষ্ঠা করা হয়। রেলের বিভাগীয় দপ্তর ‘পাকশী’ সবুজে ঘেরা অপরূপ সৌন্দর্যমণ্ডিত। পাশেই কখনও প্রমত্তা কখনও কুল কুল বেগে বয়ে চলা পদ্মা নদী।
ইতিহাসের সাক্ষী হয়ে ঈশ্বরদীর পাকশীতে পদ্মাবক্ষে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা হার্ডিঞ্জ ব্রিজের কয়েক শ’ গজ ভাটিতে তৈরী হয়েছে লালন শাহ সেতু। হার্ডিঞ্জ ও লালন শাহ সেতুর পাদদেশ বহুল আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প, পাকশী বিভাগীয় রেলওয়ের ডিআরএম অফিস, চায়না কটেজ, সঞ্জু খানের নবনির্মিত রিসোর্ট, সবুজে ঘেরা হাজার বছরের কড়ই গাছ, পলাশ, কৃষ্ণচূড়া এই অঞ্চলকে করেছে আরো আকর্ষণীয়। আবার নৌকা ভাড়া নিয়ে নদীবক্ষে ভেসে বেড়ানোরও ব্যবস্থা রয়েছে।
এলাকাবাসী দীর্ঘদিন যাবত্ পাকশীকে পর্যটন নগরী হিসেবে ঘোষণার দাবি জানালেও সরকারিভাবে এখনও উদ্যোগ গ্রহণ করা হয়নি। শীত মৌসুমে বিভিন্ন স্থান হতে আসে পিকনিক পার্টি। ১৯৭১ সালে হার্ডিঞ্জ সেতু ভাঙ্গার জন্য নিক্ষেপ করা বোমার ধ্বংসাবশেষ একানকার বিশেষ আকর্ষণ।