ভারত বর্ডার টাইড দিলে পিঁয়াজের দাম বেড়ে যায়

ভাণ্ডারিয়া ছাত্রলীগের সম্মেলনে গতকাল রবিবার প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পিরোজপুর ১ আসনের এমপি এ কে এম আউয়াল বলেন, ‘ভারত বর্ডার টাইড দিলে পিঁয়াজের দাম বেড়ে যায়’। ভাণ্ডারিয়া ছাত্রলীগের আহবায়ক এহসাম হাওলাদারের সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোসাম্মত্ লায়লা ইরাদ, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য মো. মাসুদ রানা, জেলা ছাত্রলীগের সভাপতি হাসান আম্মান লিটন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু, ভাণ্ডারিয়া আওয়ামী লীগের আহবায়ক আবু বক্কর সিদ্দিক মন্টু হাওলাদার, যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন তালুকদার, ফাইজুর রশিদ খসরু, আওয়ামী লীগ নেতা মো. তারেক জোমাদ্দার, ভাণ্ডারিয়া উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, জনগণকে বোঝাতে হবে ভারত শত্রু নয় বরং বন্ধু। ভারতের বিরোধীতার কারণেই মার্কিন নৌবহর পিছু হঠতে বাধ্য হয়। খাদ্যঘাটতি হলে ভারত থেকে আমরা চাল আনি। তথাকথিক কিছু মৌলবাদ নারীদের তেতুলের সাথে তুলনা করে মাতৃত্বের অবমাননা করেছে।