ঢাকা সিটি করপোরেশন দক্ষিণ-এর দৃষ্টি আকর্ষণ

না! স্থানটি কোনো অজপাড়াগাঁয়ের নয়। খোদ রাজধানীর শ্যামপুর থানাধীন ঢাকা সিটি করপোরেশন দক্ষিণ-এর আওতাধীন ধোলাইপাড় বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ঢালেই অবস্থিত এবং ঢাকা-৫ আসনের অন্তর্গত। দয়াগঞ্জ থেকে ধোলাইপাড় পর্যন্ত ১০০ ফুট প্রশস্ত খালটি রাস্তা তৈরি করে চালু হওয়ার পর থেকেই ৫১ নম্বর ওয়ার্ড অধিবাসীদের যাবতীয় আবর্জনা এখানেই স্তূপ করে রাখা হয়। ফলে চার-পাঁচ দিনের জমে থাকা আবর্জনা পাহাড়ের মতো উঁচু হয়ে যায়। পরে ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা এগুলো তুলে নিয়ে যাত্রাবাড়ী থানাধীন কাজলা-মাতুয়াইলের নির্ধারিত স্থানে ফেলে আসে। চার-পাঁচ দিনে জমে থাকা আবর্জনার দুর্গন্ধে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। এই পথে চলাচলকারীরা পড়েন চরম বিপাকে। এর ঠিক দক্ষিণ পাশেই অতি পুরাতন ধোলাইপাড় হাইস্কুলটি অবস্থিত এবং স্কুলের ঠিক উত্তর পাশে গেইটের সম্মুখেই এই আবর্জনার স্তূপ। বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষ উত্তর পাশের প্রধান গেইটটি বন্ধ করে দেন। স্কুলটিতে কয়েক হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে। দুর্গন্ধে স্কুলে তিষ্ঠানো দায়। আবর্জনার দুর্গন্ধ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ইতিপূর্বে বিষয়টি পত্র-পত্রিকায় ছাপা হলেও ঢাকা সিটি করপোরেশন দক্ষিণ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেননি। ব্যবস্থা কি আদৌ নেওয়া হবে? মো. আতিকুর রহমান সেলিম, ১৭৯ মীরহাজীরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা