পুরনো চেহারায় ফিরছে রাজধানী

আবারও কর্মচঞ্চল চেহারা ফিরে পাচ্ছে রাজধানী ঢাকা। পবিত্র ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিন ছুটির পর গতকাল রবিবার থেকে অফিস-আদালতের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তবে সরকারি ও বেসরকারি অফিসগুলোতে উপস্থিতি স্বাভাবিক সময়ের চেয়ে কম ছিল। যারা অফিস করেছেন, তাদের সময় কেটেছে মূলত কুশল বিনিময় ও গল্পগুজব করে। ঈদ করতে গ্রামে যাওয়া মানুষের একটি অংশ এখনো ঢাকায় এসে পৌঁছাতে পারেননি। কেউ কেউ একদিন কিংবা দুই দিনের অতিরিক্ত ছুটি নিলেও অনেকেই পরিবহন সংকটের কারণে ফিরতে পারছেন না। তবে আজকালের মধ্যেই রাজধানী তার পুরনো চেহারায় ফিরে যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, এ বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ছিল গত ১৪ অক্টোবর সোমবার। এরপর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন সরকারি ছুটি ছিল ঈদুল আজহা উপলক্ষে। ঈদের ছুটি শেষ না হতেই শুক্রবার ও শনিবার দুই দিন ছিল সাপ্তাহিক ছুটি। অন্যদিকে পূজার ছুটির আগে গত ১১ ও ১২ অক্টোবর ছিল সাপ্তাহিক ছুটি। মধ্যখানে ১৩ অক্টোবর একদিন কর্মদিবস থাকলেও অধিকাংশ চাকরিজীবী ঐদিন ঐচ্ছিক ছুটি নিয়ে টানা ৯ দিনের জন্য ঢাকা ত্যাগ করেন। এ কারণে গত দেড় সপ্তাহ রাজধানী ছিল অনেকটা ফাঁকা। রাস্তায় যানবাহনের সংখ্যা যেমন অল্প ছিল, তেমনি নিত্যদিনের ব্যস্ততম এলাকাগুলোতেও মানুষের উপস্থিতি তেমন ছিল না। অন্যদিকে বিরোধী দলের ২৫ অক্টোবরের সমাবেশ কর্মসূচিকে ঘিরে নানা আশঙ্কার কারণে ঈদের ছুটি শেষে কর্মজীবীদের কেউ কেউ ঢাকায় ফিরতে একটু দ্বিধাগ্রস্ত ছিলেন; কিন্তু এ পর্যায়ে সরকার অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করায় গতকাল থেকে দলে দলে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে।