চেয়ারম্যান ও সদস্য নির্বাচনে সার্চ কমিটি

জাতীয় নদী রক্ষা কমিশন আইনের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে ৫ সদস্য বিশিষ্ট কমিশন গঠনের জন্য চেয়ারম্যান ও সদস্য নির্বাচনে তিন সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার জানানো হয়, মন্ত্রণালয় গত ৯ অক্টোবর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। এতে পল্ল¬ী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পি কে এস এফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদকে অনুসন্ধান কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর আইনুন নিশাত এবং সদস্য-সচিব যথাক্রমে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ আলাউদ্দিন। বিজ্ঞপ্তিতে বলা হয়, (ক) জাতীয় নদী রক্ষা কমিশন আইন ২০১৩ এর ধারা ৫ (উপ অনুচ্ছেদ-১-২) ও ৬ অনুসারে কমিশনের চেয়ারম্যানসহ পাঁচ জন মুখ্য ও বিকল্প সদস্যের প্রাথমিক নাম নির্বাচন করবে। (খ) কমিশনের জন্য নির্বাচিত সদস্যদের মধ্য হতে কমিশনের জন্য একজন চেয়ারম্যান মুখ্য ও বিকল্প এবং একজন সার্বক্ষণিক সদস্য মুখ্য ও বিকল্প, অপর তিনজন সদস্য মুখ্য ও বিকল্প অবৈতনিক সদস্যের নাম সুপারিশ করবে। একই সাথে কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে সুপারিশ পেশ করতে বলা হয়েছে। উ¬েল্লখ্য, নদীর অবৈধ দখল, পানি ও পরিবেশ দূষণ, শিল্প কারখানা কর্তৃক সৃষ্ট নদী দূষণ, অবৈধ কাঠামো নির্মাণ ও নানাবিধ অনিয়ম রোধকল্পে এবং নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার, নদীর যথাযথ রক্ষণাবেক্ষণ এবং নৌ-পরিবহনযোগ্য হিসাবে গড়ে তোলাসহ আর্থ-সামাজিক উন্নয়নে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩ গত ২২ জুলাই রাষ্ট্রপতির সম্মতি লাভ করেছে।