জাতিসংঘের উদ্বাস্তু সংজ্ঞাটি পরিবর্তনের দাবি তুলতে হবে :হাছান মাহমুদ
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৩, ২১:৫৫
বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ সকল বেসরকারি সংগঠনের (এনজিও) উদ্দেশে বলেছেন, আগামীতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সেমিনারে জাতিসংঘের ‘উদ্বাস্তু’ সংজ্ঞাটি পরিবর্তনের জন্য দাবি তুলতে হবে।
তিনি বলেন, উদ্বাস্তু হচ্ছে যারা গ্রীন হাউস এফেক্টে ক্ষতিগ্রস্ত। এ শব্দটি নতুন করে সংজ্ঞায়িত হতে হবে। নদীভাঙ্গন, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রভৃতির কারণে যারা গ্রাম ছেড়ে শহরে আসছে তারাই উদ্বাস্তু। এ ব্যাপারে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।
রবিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বে-সরকারি সংগঠন অক্সফাম, সিএসআরএল ও গ্রো’র যৌথ উদ্যোগে আয়োজিত ‘জলবায়ু পরিবর্তনজনিত উদ্বাস্তু : জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিবেশ মন্ত্রী বলেন, এদেশে ২৫ শতাংশের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। ধীরে ধীরে তা কমে আসছে। তিনি বলেন, জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের কর্মকাণ্ড বিশ্বে প্রশংসিত হচ্ছে। নানা কারণে এ দেশ বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে অন্যতম। আমাদেরকে আত্মতুষ্টিতে ভোগার কোন অবকাশ নেই।