সাতক্ষীরায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একাদশ সংসদ নির্বাচনের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা রিটার্নিং অফিস এবং উপজেলা সহকারি রিটার্নিং অফিসে প্রার্থীরা তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, আজ দাখিলের শেষ দিন দুপুর পর্যন্ত ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক, জাপার কেন্দ্রীয় নেতা সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত, ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি, আওয়ামী লীগের এসএম জগলুল হায়দার এমপি, মীর মোস্তাক আহমেদ রবি এমপি, সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, সাবেক এমপি বিকল্পধারার এইচএম গোলাম রেজা, স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাবেক জামায়াত নেতা আবদুল খালেক, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, মুফতি রবিউল বাসার, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, বাম গণতান্ত্রিক জোটের নিত্যানন্দ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের বিশ্বজিত সাধু, জাসদের ওবায়দুস সুলতান বাবলু।
মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে আরও রয়েছেন, তালা কলারোয়া আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, বিএম নজরুল ইসলাম, সরদার মুজিব, শেখ নুরুল ইসলাম প্রমূখ।
ইত্তেফাক/কেআই