জন্মদিনের ‘উপহার’!
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৩, ২১:৫৬
১৩৪ পাউন্ডের মাছ ধরে বিশ্বরেকর্ড করলেন ব্রিটিশ পর্যটক। জন্মদিনে ভিনদেশে ঘুরতে গিয়ে দারুণ গিফট পেলেন কেথ উইলিয়ামস। থাইল্যান্ডের ক্রাবির এক ফিসিং রিসোর্টে স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন কেথ। মাছ ধরা তার ছোটবেলার শখ। ছিপটাকে পানিতে ফেলে অনেক্ষণ অপেক্ষা করেন তিনি। ছিপে অনেকক্ষণ কিছুই উঠছিল না। স্ত্রী বলেন, ‘আজ আর হবে না, তুমি বরং চলে এস।’ ধৈর্যের বাঁধ ভাঙবে ভাঙবে করছে, তখনই ছিপটা খুব জোরে নড়ে উঠল। তারপর ছিপটা হাত থেকে ছেড়ে যেতে চাইল। পানিতে ঝাঁপ মারলেন কেথ। আর তার পরেই হয়ে গেল বিশ্বরেকর্ড। দেখলেন ১৩৪ পাউন্ড ৭ আউন্স ওজনের মাছ। এত ভারি মাছটাকে কায়দায় এনে ডাঙায় তুলতে লেগে গিয়েছিল ২৫ মিনিট। এতদিন পানি থেকে ধরা কোনও মানুষের সবচেয়ে বেশি ওজনের মাছ ছিল ১১৪ পাউন্ড, ধরেছিলেন টেরি ম্যাথার। কেথ যার ফিসিং রিসোর্টে এই বিশ্বরেকর্ড গড়লেন, সেই রিসোর্টের মালিক স্টুয়ার্ট উইলিয়ামস বেজায় খুশি। বললেন, ‘জানতামই না আমার রিসোর্টে এত বড় একটা মাছ আছে। তবে রাতে শুতে যাওয়ার আগে মাঝে মাঝে পানি থেকে একটা আওয়াজ পেতাম। এখন বুঝতে পারছি ওটা হয়তো এই মাছটারই কাণ্ড। কে জানে আরও কতগুলো আছে কিনা!’ আর ৫৬তম জন্মদিনে বিশ্বরেকর্ড গড়ে কেথ বলছেন, মাছটা খুব ভাল। ওর শরীরের মত মনটাও খুব বড়! নাহলে এমন সুযোগ করে দেয়!