বিয়াক ও আইএলআইয়ের উদ্যোগে বেসিক আরবিট্রেশন ট্রেনিং

বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) ও ইন্টারন্যাশনাল ল ইনস্টিটিউট (আই এল আই) ওয়াশিংটন ডিসি’র উদ্যোগে যৌথভাবে আয়োজিত বেসিক আরবিট্রেশন ট্রেনিং গতকাল রবিবার শুরু হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিয়াক প্রধান নির্বাহী ড: তৌফিক আলী। তিনি বলেন, এ বছরের শুরুতে দেশের আদালতসমূহে প্রায় ২৪ লক্ষ মামলা বিচারাধীন ছিল। ব্যবসার প্রয়োজনে বাণিজ্যিক বিরোধসমূহের আশু নিষ্পত্তি আবশ্যক। কারণ এ সকল বিরোধ নিষ্পত্তির জন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ অনির্দিষ্টকালের জন্য অপেক্ষমাণ থাকতে পারে না। ড:তৌফিক বলেন, সরকার একাধিক আইন সংশোধন করে আদালতের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি অনুসরণকে বাধ্যতামূলক করেছে। কিন্তু এ সকল সংশোধনীর সুফল পেতে আমাদের প্রয়োজন বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ে প্রশিক্ষিত ও দক্ষ জনবল। অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি হতে আগত আই এল আই প্রতিনিধি কার্লোস ডাভিলা অংশগ্রহণকারীদেরকে এ প্রশিক্ষণ হতে আরবিট্রেশন বিষয়ে জ্ঞান লাভের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের আহবান জানান। এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক, ল চেম্বার ও বাণিজ্যিক সংস্থা হতে ৪১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। -প্রেস বিজ্ঞপ্তি