‘স্বপ্নে পাওয়া’ সোনার খোঁজে খোঁড়াখুঁড়ি!

তিন দিন ধরে ভারতের উত্তর প্রদেশের উন্নাওয়ে সোনার খোঁজে খোড়াখুড়ি চলছে। হাজার হাজার মানুষ ভিড় করছে রাজমহল চত্বরে। খননকার্যকে কেন্দ্র করে রীতিমতো মেলা বসেছে। সকাল ৮টার পর খনন শুরু করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এদিকে প্রশাসন কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে রাজমহল চত্বর। জারি করা হয়েছে ১৪৪ ধারা। সোনার খোঁজের সাক্ষী থাকতে এলাকায় হাজির সংবাদ মাধ্যম থেকে কৌতূহলী জনতা। ডোরিয়া ঘেরা চত্বরে উপস্থিত অনেকেই বলছেন, খনন কাজে বড় দেরি হচ্ছে। সোনার খোঁজে এই হুড়োহুড়ির জন্ম দিয়েছেন শোভন সরকার নামে এক সাধু। তিনি দাবি করেন, গ্রামের কেল্লার নিচে সোনা পোঁতা আছে। আর সে কথা স্বপ্নে জানতে পেরেছেন তিনি। এরপরেই ওই সোনা ‘তুলে আনতে’ ঝাঁপিয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী চরণদাস মোহান্ত।