এসপিরিন ক্যান্সার রোধ করে

এসপিরিনকে এতদিন শুধু হার্টের জন্য উপকারী হিসাবে ধরা হতো। যাদের হূদরোগ আছে অথবা যারা হূদরোগ প্রতিরোধ করতে চান তারা নিয়মিত কম মাত্রার এসপিরিন সেবন করেন। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি এসপিরিন নিয়ে গবেষণায় যুগান্তকারী তথ্য প্রকাশ করেছেন। বিশ্বখ্যাত মেডিক্যাল জার্নাল ল্যানসেট এসপিরিন নিয়ে গবেষণার যুগান্তকারী এই বৈজ্ঞানিক নিবন্ধটি প্রকাশ করেছে। বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণায় দেখেছেন, এসপিরিন সেবনে ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠে এবং ক্যান্সার আক্রান্তদের জীবন দীর্ঘায়িত হয়। ল্যানসেটে প্রকাশিত অন্তত: তিনটি গবেষণা নিবন্ধনসহ অর্ধশতাধিক নিবন্ধের উপাত্ত পর্যালোচনা করে ব্রিটিশ বিজ্ঞানীরা এই অভিমত পোষণ করেন যে, যারা নিয়মিত একটানা তিন বছর এসপিরিন সেবন করবে তাদের ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি কমবে এবং যাদের ইতিমধ্যেই ক্যান্সার হয়েছে তাদের ঘাতক ক্যান্সার কোষের ব্যাপকতা হ্রাস পাবে। ল্যানসেটের রিপোর্টে বলা হয়, নিয়মিত এসপিরিন সেবীদের ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি ২৪ ভাগ কম এবং ক্যান্সারজনিত কারণে মৃত্যু ঝুঁকি যারা এসপিরিন সেবন করেন না তাদের অপেক্ষা ৩৭ ভাগ কম। একইভাবে নিউইয়র্ক টাইমস এসপিরিন নিয়ে চমত্কার তথ্য প্রকাশ করে এসপিরিনকে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে সবচেয়ে কম খরচের অস্ত্র হিসাবে উল্লেখ করেছে। তবে বিশেষজ্ঞগণ এটাও বলেছেন, দীর্ঘ মেয়াদী এসপিরিন সেবনে অন্ত্রের রক্তক্ষরণসহ নানা জটিলতা দেখা দিতে পারে। তবে এসপিরিন নিয়ে এবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাত্কারে ড: ক্যারেন ল্যাটিমার উল্লেখ করেছেন অনিয়মিত এসপিরিন সেবনকারীদের ক্ষেত্রে ক্যান্সার প্রতিরোধ বা নিরাময়ে কোন উপকারে আসবে না। তবে গবেষণা নিবন্ধসমূহে কি মাত্রায় এসপিরিন সেবন করতে হবে তা বলা হয়নি। সাধারণত ৬০ মিলিগ্রাম থেকে ৭৫ মিলিগ্রাম পর্যন্ত লোডোজ এসপিরিন বলা হয়। এই মাত্রার এসপিরিন সেবন করা যেতে পারে। তবে যাদের গ্যাস্ট্রিক আলসার আছে তাদের এসপিরিন সেবন করা উচিত নয় অথবা এসপিরিন সেবনের ক্ষেত্রে চিকিত্সকের পরামর্শ নেয়া উচিত। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ