বগুড়া পলিটেকনিকের শিক্ষার্থীরা আবারো আন্দোলনে

বগুড়ায় পরীক্ষা বর্জন করে আবারো আন্দোলন শুরু করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। তারা রবিবার সকাল থেকে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকসহ একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ শুরু করে। একারণে পরীক্ষা নিতে পারেনি কর্তৃপক্ষ। বিক্ষোভ চলাকালে কয়েকটি যানবাহন ভাংচুর করে শিক্ষার্থীরা। পলিটেকনিক ইনস্টিটিউট সূত্র জানায়, সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত দ্বিতীয় সেমিস্টারের সমাপনী এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল ৯টার দিকে প্রধান ফটক ও একাডেমিক ভবনের দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে। সকাল সোয়া ১০টায় শিক্ষার্থীরা পলিটেকনিকের সামনে সড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাংচুর করে। বিক্ষোভ চলাকালে পার্শ্ববর্তী বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও এতে যোগ দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের সড়ক থেকে সরিয়ে দেয়। পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক থেকে হটিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। রাজশাহী অফিস জানান, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চলমান পরীক্ষা বর্জন করেছে। রবিবার সকাল ১০টায় এবং দুপুর ২টা থেকে তিন ঘণ্টাব্যাপী রাজশাহী কেন্দ্রের পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ বলছে, পরীক্ষা গ্রহণের সব ধরনের প্রস্তুতি ছিল। তবে শিক্ষার্থীরা উপস্থিত না হওয়ায় পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। শিক্ষার্থীরা জানান, পাস করা শিক্ষার্থীর মর্যাদা উপ-সহকারী প্রকৌশলী পদ থেকে সুপারভাইজার পদে নামিয়ে দেয়ার সিদ্ধান্ত পরিবর্তনের দাবি সরকার মেনে নিলেও এখন পর্যন্ত এ সংক্রান্ত গেজেট প্রকাশ না করায় তারা পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছেন। দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।