রাজধানীতে বাসের ধাক্কায় কলেজছাত্রী নিহত
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৩, ২২:৩০
রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সামনে রবিবার সকালে বাসের ধাক্কায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম মারজানা জাহান মুনমুন (১৭)। তিনি গোপীবাগের সেন্ট্রাল ওমেন্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বাসের চালক গণপিটুনিতে গুরুতর আহত হয়েছে। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা-ধীন রয়েছেন।
জানা গেছে, গতকাল সকাল সোয়া ৮টার দিকে মুগদার বাসা থেকে রিকশায় করে কলেজে যাচ্ছিলেন মুনমুন। তুরাগ পরিবহনের একটি বাস তার রিকশাকে ধাক্কা দেয়। এতে মুনমুন মাথায় গুরুতর আঘাত পান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনায় জনতা উত্তেজিত হয়ে ওঠে এবং বাস চালককে গণপিটুনি দিয়ে গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ চালককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
মুনমুন ৬৮/৫/বি, দক্ষিণ মুগদা এলাকার ইস্কান্দার মোল্লার মেয়ে। মুগদা থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, ময়না তদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘাতক বাস ও তার চালককে আটক করা হয়েছে। এব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।