পথে-ঘাটে

- ঐ ছোড়া একটা পত্রিকা দে তো। দেখি আমাগো কথা বলা নিষেধ করছে কিনা। এই এক কথায় সরব হয়ে উঠল ‘সালসাবিল’। - নিষেধ করব না তো কি গাড়ি ভাঙ্গতে রাস্তা ফাঁকা করে দিব? পেছন ফিরে উত্তর দিল সামনের সিটে বসা যাত্রী। যেন একেতো নাচুনি বুড়ি তাতে ঢোলে বাড়ি। - ভালই করছে। মিছিল মিটিং বন্ধ না করলে পঁচিশ তারিখ থাইকা খবর আছে। - কি আর করব। বউ এর লগেও কথা বলা বন্ধ কইরা দিব নাকি? - আরে ভাই বউ এর লগে কথা বলতে না পারেন বান্ধবীর লগে বইলেন। আগে তো মারামারি ঠেকান। - মারামারি একটা বাধবো তা শেখ হাসিনায় বুঝছে। তই আগে থাইকা মিছিল বন্ধ কইরা ব্যবস্থা নিছে। - অহন দেহা যাক। খালেদা জিয়া কি কয়। - কি আর করব। বিএনপির সেই মেরুদণ্ড আছে নাকি? মালিবাগ রেলগেট দিয়ে রামপুরা হয়ে সোজা যেতে থাকে সালসাবিল বিশ্বরোডের দিকে। গাড়ির মধ্যে অফিসগামীসহ বিভিন্ন ধরনের যাত্রী। একটু জো তুলতে পারলে আর থামাথামি নেই। - নির্বাচন হবে তো? - এইটা বলা মুশকিল। - আরে না নির্বাচন হবে। - হলে হবে এক তরফা। শুধু আওয়ামী লীগ নির্বাচন করবে। ১৪ দল আলাদা হয়ে যাবে। ১৪ দলের সবাই আলাদা আলাদা মার্কা নিয়ে নির্বাচন করবে। দেখাবে অনেক দলের অংশগ্রহণে নির্বাচন। - এই ধরনের নির্বাচন হলে আওয়ামী লীগ বেশি দিন থাকতে পারবে না। - হ। বছর দুএক ক্ষমতায় থেকে আর্মিকে দিয়ে চলে যাবে। বিএনপি জামায়াতের কাছে ক্ষমতা ছাড়বে না আওয়ামী লীগ। - পরিস্থিতি যে কোন্ দিকে যায় বলা মুশকিল। - বিএনপি কে মাথা তুলে দাঁড়াতেই দেবে না। - আরে ভাই আওয়ামী লীগ দেশও চালায় আবার বিএনপিও চালায়। - তত্ত্বাবধায়কের সময় সভা-সমাবেশ নিষিদ্ধ করলে তাও বিরোধিতা করেছিল। এখন তো জরুরি অবস্থা না। তারপরও এত বড় একটা সিদ্ধান্তের বিপক্ষে গেল না বিএনপি। - মানে বুঝি না রে ভাই। - আরে তার মানে বিএনপি একেবারে চুপসে গেছে। - আরে না দুটো দিন যেতে দেন। বিএনপি মাঠে নামলে সব ওলট পালট হয়ে যাবে। - নারে ভাই না। বিএনপি বড় জোর একদিন দুইদিন হরতাল দেবে। ব্যস শেষ। আর কিছু করতে পারবে না। - শেষ পর্যন্ত বিএনপিকে নির্বাচনে যেতেই হবে। - হ। শেখ হাসিনা ক্ষমতা রাষ্ট্রপতির কাছে ছাইড়া মন্ত্রিসভা গঠন করবো। - তাতে মাঝখানে গিয়া লাগবো গিট্টু। বিএনপির পছন্দ হইবো আওয়ামী লীগের মত। তখন কইবো আমাগো কথা শোনে না। কিছুদিন পর বিএনপি সদস্যরা করবো পদত্যাগ। আর তাতেই লাইগা যাইবো গিট্টু। এই সব কথার তুবড়ি চলতে থাকে শুধু ছেলেদের মধ্যে। সামনের সংরক্ষিত তিন আসন থেকে কোন আওয়াজ আসে না।