পিলখানা হত্যাযজ্ঞ মামলার রায় ৩০ অক্টোবর
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৩, ২২:৩২
পিলখানায় বিডিআর (বর্তমান বিজিবি) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। আগামী ৩০ অক্টোবর এ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে।
গতকাল রবিবার পুরানো ঢাকার আলিয়া মাদ্রাসার পাশে কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী মহানগর দায়রা জজ আদালতে হত্যা মামলায় আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হয়। যুক্তি-তর্কশেষে ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ড. মো. আখতারুজ্জামান রায়ের দিন ঘোষণা করেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডিতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। রক্তাক্ত ওই ঘটনার ৪ বছর ৮ মাস পর হত্যা মামলার রায় ঘোষণা করা হচ্ছে।
গত ২৯ সেপ্টেম্বর যুক্তি-তর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। পরদিন ৩০ সেপ্টেম্বর থেকে আসামিপক্ষ যুক্তি-তর্ক উপস্থাপন শুরু করে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযোগপত্রে এ মামলায় সাক্ষী ছিলেন এক হাজার ২৭৫ জন। ৬৫৪ সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। পিলখানা হত্যা মামলায় আসামির সংখ্যা ৮৪৭ জন। তাদের মধ্যে পোশাকধারী বিডিআর সদস্য ৭৮২ জন। বিডিআরে কর্মরত বেসামরিক সদস্য ২৩ জন। আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টু।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডিতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। রক্তাক্ত ওই ঘটনার ৪ বছর ৮ মাস পর হত্যা মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। গত বছর ২০ অক্টোবর পিলখানা বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষ হয়েছে বিডিআরের নিজস্ব আইনে। ওইদিন সদর রাইফেলস ব্যাটালিয়নের ৭২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়ার মধ্য দিয়ে বিদ্রোহ মামলার বিচার শেষ হয়। হত্যা-লুণ্ঠন মামলায় বিচার হয়েছে প্রচলিত ফৌজদারি আইনে। বিদ্রোহের ঘটনায় ১১টি বিশেষ আদালতে ৬ হাজার ৪৬ জওয়ানকে বিচারের মুখোমুখি করা হয়। তাদের মধ্যে বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে ৫ হাজার ৯২৬ জনের। খালাস পেয়েছেন ১১৫ জন।
তবে আইনি বাধ্যবাধকতা থাকায় পিলখানা বিদ্রোহের ঘটনায় পরিকল্পনাকারীদের অন্যতম তৌহিদসহ ছয়জন ডিএডিকে বিদ্রোহ মামলায় বিচারের মুখোমুখি করা যায়নি। ফৌজদারি অপরাধের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তারা বিচারের মুখোমুখি হন। ১৯৭৪ সালের যে আইনে বিদ্রোহ মামলার বিচার হয়, তাতে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর। বর্তমানে বিজিবি আইনে বিদ্রোহের সাজা মৃত্যুদণ্ড। পিলখানা বিদ্রোহের পর বিডিআরের নাম বদলে বিজিবি এবং লোগো ও পতাকাও পরিবর্তন করা হয়।