সমাবেশে নিষেধাজ্ঞা সমঝোতার পথ রুদ্ধ করবে না
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৩, ২২:৩২
বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্রিটিশ সরকার মনে করে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপ হতে হবে। রাজধানী ঢাকায় সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিয়ে সমঝোতার পথ রুদ্ধ করবে না। গণমাধ্যম ও সংসদে বিধি সম্মত রাজনৈতিক চর্চাও প্রতিহত হবে না।
ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন গতকাল রবিবার এক প্রতিক্রিয়ায় আরো জানায়, যুক্তরাজ্য সবসময় জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক সদিচ্ছা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের কথা স্পষ্টভাবে বলে আসছে। দুইপক্ষ সংলাপ করে এমন নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করবে সেজন্য আমরা উত্সাহিত করছি। প্রধানমন্ত্রীর ঘোষণাকে আমরা স্বাগত জানাই। সেই সঙ্গে গত কয়েকদিনে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে সংলাপের দ্বার উন্মুক্ত হওয়ার ইঙ্গিত পেয়েছি। এটা উত্সাহব্যঞ্জক।
হাইকমিশন বলেছে, অন্তর্বর্তী সরকারের আকার বা আকৃতি কেমন হবে তা যুক্তরাজ্য বলে দেবে না। বিচার্য বিষয় হলো নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা নিশ্চিত করা উচিত এবং এতে বাংলাদেশের জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী সরকার নির্বাচিত করতে পারবে।
ব্রিটিশ হাইকমিশনের প্রতিক্রিয়ায় আরো বলা হয়, ঢাকায় সমাবেশ ও মিছিলের উপর আরোপিত নিষেধাজ্ঞা সম্পর্কে আমরা অবহিত। অন্তর্বর্তী সরকার নিয়ে ঐকমত্য সৃষ্টিতে গৃহীত উদ্যোগকে এই নিষেধাজ্ঞা বাধাগ্রস্ত করবে না আশা করি। কিংবা বিধি অনুযায়ী সংসদ ও গণমাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায়ও বাধা হবে না। যুক্তরাজ্য মনে করে, সব পক্ষ সহিষ্ণু আচরণ ও সহিংসতাকে নিরুত্সাহিত করতে সম্ভাব্য সবকিছু করবে।