ঈশ্বরদী বিমান বন্দর চালু হচ্ছে ১৭ বছর পর
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৩, ২২:৩৫
১৭ বছর বন্ধ থাকার পর অবশেষে চলতি মাসেই চালু হচ্ছে ঈশ্বরদী বিমান বন্দর। পাবনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইতিমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কিছু কর্মকর্তা-কর্মচারি ঈশ্বরদীতে এসে বিমান বন্দরটি চালু করার কাজ শুরু করেছেন। প্রথমে ১৩ অক্টোবরের মধ্যে এটি চালুর কথা ভাবা হয়েছিল। কিন্তু কারিগরি কিছু সমস্যা থাকায় পরে সিদ্ধান্ত হয় ৩০ অক্টোবরের মধ্যে বিমান চলাচল শুরু হবে। ইতিমধ্যে বিমানবন্দরের এপ্রোচ পথের মাঝ বরাবর পড়ায় গ্রামীণফোনের একটি টাওয়ার অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।
পাবনা - ৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, সরকার বিমানবন্দরটি চলতি অক্টোবর মাসেই চালুর সিদ্ধান্ত নিয়েছে। আশা করা হচ্ছে এটি চালু হওয়ার পর ঈশ্বরদী ইপিজেডে বিনিয়োগ বাড়বে। তাছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের কাজও দ্রুত এগোবে।
উল্লেখ্য, ১৯৬০ সালে ৪১২ একর জমির উপর ঈশ্বরদী বিমানবন্দরের প্রাথমিক কাজ শুরু হয়। সে সময় ২২ লাখ টাকা ব্যয়ে রানওয়ে তৈরির পর ডাকোটা উড়োজাহাজ চলাচল শুরু করে। পরে লোকসানের কারণে ৯৬ সালের তিন নভেম্বর অনির্দিষ্টকালের জন্য ঈশ্বরদী থেকে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।