নির্বাচনে শুধু সত্ ইমেজের প্রার্থী দেবে কংগ্রেস

ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টি এবার লোকসভা নির্বাচনে কেবলমাত্র পরিচ্ছন ইমেজের প্রার্থী মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। দিল্লী বিধানসভা নির্বাচনেও তারা একই নীতি অনুসরণ করবে। এমন প্রার্থীদের মনোনয়ন নিশ্চিত করতে যেসব প্রার্থীর অতীতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড নেই এবং যারা অতীতে নির্বাচনে খুব খারাপ করেনি কেবল তাদেরই মনোনয়ন দেবার সিদ্ধান্ত নিয়েছে। প্রার্থী মনোনয়নে গঠিত বাছাই কমিটি শনিবার কমিটির চেয়ারম্যান ভি নারায়ণন স্বামীর সভাপতিত্বে তার তুঘলক ক্রিসেন্টের বাসভবনে সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করে। দিল্লীর মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত দিল্লী প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি জে পি আগরওয়াল ও অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক শাকিল আহমদ উপস্থিত ছিলেন। সূত্র জানায়, দলের সহ-সভাপতি রাহুল গান্ধী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের মনোনয়ন না দেবার ব্যাপারে অটল। ধর্ষণ, হত্যা বা হত্যা প্রচেষ্টার মতো জঘন্য অপরাধে জড়িতদের মনোনয়ন দেবে না দলটি। এ ছাড়া ভূমি দস্যুদেরও মনোনয়ন না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এমনকি গত পাঁচ বছরের মধ্যেও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়ে থাকলে তাও বিবেচনায় নেয়া হবে।