না’গঞ্জে সম্ভাব্য নাশকতার অভিযোগে ৯ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত বাবা ও তিন ছেলেসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা জামায়াত-শিবির ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছে পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু জেহাদী বই উদ্ধার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন জানান, জামায়াত-শিবির ও বিএনপির ৮জন কর্মীকে আটক করা হয়েছে। তারা বিভিন্ন স্থানে নাশকতা ও বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারে এমন খবর আছে। এ কারণেই ৮জনকে আটক করা হয়েছে। তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। গ্রেপ্তারকৃতরা সকলে সিদ্ধিরগঞ্জের পাইনদী নতুন মহল্লা ও ধনু হাজী রোড এলাকার। তারা হলেন - এমরান (২১), জাকারিয়া (২৫), ইউসুফ (১৮), আশরাফ (২৫), মালেক ওরফে গাট্টা মালেক (৫০) ও তার তিন ছেলে রবিউল (২৪), ইসমাইল (২২), ইসহাক (২২)। ফতুল্লা মডেল থানার এস আই ওয়াহিদুজ্জামান জানান, ফতুল্লার মধ্য ধর্মগঞ্জ এলাকা থেকে রবিবার ভোরে জাহাঙ্গীর (২৫) নামের এক শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বেশ কিছু জেহাদী বই উদ্ধার করা হয়েছে।