‘লিবীয় প্রধানমন্ত্রীকে অপহরণে
দুই এমপি দায়ী’
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৩, ২০:২১
প্রধানমন্ত্রী আলি জেইদানকে অপহরণের জন্য লিবীয় ন্যাশনাল কংগ্রেস অ্যাসেম্বলির (জিএনসি) ইসলামপন্থি বিরোধীদলীয় দুই আইনপ্রণেতা দায়ী বলে অভিযোগ করেছে দেশটির সরকার। রবিবার প্রধানমন্ত্রী জেইদান সাংবাদিকদের বলেছেন, এরকম অনেক বাহিনী আছে যারা রাষ্ট্র গড়ে তোলার কাজে বাধা দিতে চায়। গত সপ্তাহে লিবীয় প্রধানমন্ত্রীকে অপহরণ করে কয়েক ঘন্টা আটকে রেখেছিল সাবেক বিদ্রোহীরা। ভোরবেলা অভিযান চালিয়ে রাজধানী ত্রিপোলির একটি হোটেল থেকে অপহরণ করা হয়েছিল তাকে। তবে কয়েক ঘন্টা পর তাকে ছেড়ে দেয়া হয়। ছাড়া পাওয়ার পর জাতীয় কংগ্রেসে (জিএনসি) এই ঘটনার জন্য নিজের শত্রুদের দায়ী করেছিলেন প্রধানমন্ত্রী জেইদান। এবার ওই ঘটনায় যুক্ত থাকার জন্য তার সরকার জিএনসি দুই সদস্য মুস্তফা আল তারিকি ও মুহাম্মদ আল কিলানি দায়ী বলে অভিয়োগ করেছে। এরা ইসলামপন্থি জাস্টিস এন্ড কন্সট্রাকশন পার্টির প্রতিনিধি। তবে দুই আইনপ্রণেতাই অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু অল্প সময়ের ওই অপহরণ ও এজন্য দুই আইনপ্রণেতাকে সরাসরি দায়ী করায় লিবিয়ায় উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এ ঘটনার আগে থেকেই কেন্দ্রীয় সরকার ও জিএনসির মধ্যে অচলাবস্থা বিরাজ করছিল, আর সাবেক বিদ্রোহীদের সরকারবিরোধী গোষ্ঠীগুলো বন্দুকের নলের মুখে তাদের ইচ্ছা চাপিয়ে দেয়ার চেষ্ট করছে। জাস্টিস এন্ড কন্সাকশন পার্টি ও স্বতন্ত্র সদস্যরা জিএনসিতে উদারপন্থী প্রধানমন্ত্রী জেইদানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে।