মহিলা ফুটবল রেফারিং
কোর্স শুরু হলো
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৩, ২১:২৭
দেশের মহিলা ফুটবলের কার্যক্রম বেশ ভালোই এগিয়ে যাচ্ছে। মাঠের ফুটবল আয়োজনের পাশাপাশি কোচ রেফারি গড়ে তোলার কাজটায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পর্যাপ্ত পরিমাণ কোচ আর রেফারি গড়ে তোলার জন্য কার্যক্রম হাতে নিয়েছে বাফুফে। ক’দিন আগে শেষ হয়েছে ফুটবল কোচ তৈরি করার কার্যক্রম। আর সেখানে জাতীয় মহিলা ফুটবল দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ব্যাপক উত্সাহ নিয়ে অংশগ্রহণ করেছেন। সেটা শেষ না হতে এবার শুরু হয়ে গেল রেফারিং প্রশিক্ষণ। মহিলা ফুটবল রেফারিং কোর্স করাতে জাপান থেকে ইন্সট্রাক্টর মাইউমি ওইয়া গতকাল থেকেই কাজ শুরু করেছেন। রেফারিং কোর্সেও অনেক ফুটবলার ও সংগঠক উত্সাহী হয়ে যোগ দিয়েছেন। যোগ দিয়েছেন দেশের তারকা অ্যাথলেট দ্রততম মানবী নাজমুন নাহার বিউটি। গতকাল বাফুফে ভবনে শুরু হওয়া কোর্সে ২২ জন অংশ নিয়েছেন। কোর্স চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাফুফের সদস্য ও মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চু। বাফুফে নির্বাহী কমিটির সদস্য শেখ মুহম্মদ মারুফ হাসান, এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদস্য ও বাফুফের মহিলা ফুটবল কমিটির ডেপুটি চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরন, রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান মনিরুল ইসলাম। জাপানি ইন্সট্রাক্টর থাকছেন রেফারিজ কমিটির সদস্য এম আর মুকুল ও ফিটনেস ইন্সট্রাক্টর হিসেবে ইব্রাহিম নেসার।
কোর্সে অংশগ্রহণকারিরা হলেন ঃ নাসরিন, ইতু, ঝর্না, বাঁধন, কাজল, জয়া, সালমা, শরিফা, জেনী, বিউটি, মৈত্রী, জান্নাতুল, লাভলী, রুমি, সুমি, সায়মা, রওশন আরা, বিলকিছ, নাদিয়া, বন্যা, শিল্পী ও সুচী।