রূপগঞ্জে গৃহবধূকে
শ্বাসরোধে
হত্যা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৩, ২১:৪৪
রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ নোয়াপাড়া এলাকায় রবিবার সকালে গৃহবধূ আমেনা বেগমকে (২৮) শ্বাসরোধে হত্যা করেছে তার স্বামী আলমগীর শেখ (৩৭)। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দক্ষিণ নোয়াপাড়া এলাকার আলমগীর শেখের বাড়িতে গত ৬ মাস ধরে ভাড়া থাকতেন ফরিদপুর জেলার মিন্টু শেখ ও তার স্ত্রী আমেনা বেগম। গত কয়েকদিন ধরেই তাদের মধ্যে ঝগড়া চলছিল। শনিবার রাতেও পাষণ্ড মিন্টু শেখ স্ত্রী আমেনাকে বেদম মারধর করে। রবিবার সকালে গলাটিপে স্ত্রীকে হত্যার পর মিন্টু শেখ পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।
আড়াইহাজারে গৃহবধূর
আত্মহত্যা
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজারে বিষপানে সাজেদা আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। রবিবার সকালে উপজেলার বিশ্বনন্দী ইউনিয়নের দড়ি বিশ্বনন্দী গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের সোহেলের স্ত্রী। নিহত সাজেদার ভাই মোমেন জানান, ২ মাস আগে পার্শ্ববর্তী বিশ্বনন্দী গ্রামের সোনা মিয়ার ছেলে রিক্সচালক সোহলের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সাজেদার।
বিয়ের পর থেকে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। ঘটনার দিন রবিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে সাজেদা বিষপানে আত্মহত্যা করে। আড়াইহাজার থানার ওসি আখতার মোর্শেদ জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।